তামিলনাড়ুতে বালিকাকে অপহরণ করে খুন, ২৪ ঘণ্টা পর মিলল দেহ, ‘হৃদয়বিদারক’, ব্যবস্থার আশ্বাস বিজয়ের
বর্তমান | ২৪ মে ২০২৬
কোয়েম্বাটোর: হ্রদের কাছে মিলল নিখোঁজ বালিকার ক্ষতবিক্ষত দেহ। অভিযোগ, ১০ বছরের মেয়েটিকে অপহরণের পর খুন করা হয়। তামিলনাড়ুর কোয়েম্বাটোরের এই ঘটনায় দুই অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। ধৃতদের নাম কার্তিক ও মোহান রাজ। ঘটনার তদন্ত শুরু হয়েছে। এরইমধ্যে কোয়েম্বাটোরে পৌঁছান তামিলনাড়ু পুলিশের ডিজি সন্দীপ রাই রাঠোর। অপরাধীদের কড়া শাস্তির দাবিতে সুলুর থানার সামনে বিক্ষোভ দেখান বালিকার মা-বাবা সহ পরিজনরা। ঘটনায় রাজ্যের নব-নির্বাচিত টিভিকে সরকারকে কাঠগড়ায় তুলেছে বিরোধীরা।
মুখ্যমন্ত্রী বিজয়ের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন পরিবারের সদস্যরা। এক আত্মীয় বলেন. ‘মুখ্যমন্ত্রী বিবৃতি না দিলে আমরা দেহ নেব না। পরিবর্তনের জন্য ভোট দিয়েছিলাম। মুখ্যমন্ত্রী এখনও কোনো আশ্বাস দেননি। এখান থেকেই বোঝা যাচ্ছে যে নতুন সরকারের আমলেও কোনো বদল হবে না।’ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে তড়িঘড়ি হাসপাতালে যান সুলুরের বিধায়ক এনএম সুকুমার সহ একাধিক টিভিকে নেতা। বালিকার পরিবারের সঙ্গে দেখা করেন রাজ্যের মন্ত্রী এমএস সম্পত। তাঁর কথায়, ‘অভিযুক্তদের কড়া শাস্তি দেওয়া হবে।’ ঘটনার তীব্র নিন্দা করে বিবৃতি দেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী বিজয়ও। তাঁর বার্তা, ‘এই ঘটনা অত্যন্ত হৃদয়বিদারক। সমাজে এমন অমানবিক অপরাধ কোনোভাবেই বরদাস্ত করা হবে না।’
পুলিশ সূত্রে খবর, বৃহস্পতিবার বিকালে মুদির দোকানে যাওয়ার জন্য বেরিয়ে মেয়েটি নিখোঁজ হয়ে যায়। শুক্রবার কান্নামপালায়াম হ্রদের কাছে বালিকার দেহ উদ্ধার করা হয়। এই ঘটনায় রাজ্যের আইন-শৃঙ্খলা নিয়ে প্রশ্ন তুলেছে বিরোধীরা। ডিএমকে নেতা উদয়নিধি স্ট্যালিনের তোপ, ‘নতুন সরকার ক্ষমতায় আসার ১২ দিনের মধ্যে ত্রিশটিরও বেশি বড়ো ঘটনা ঘটেছে। আইন-শৃঙ্খলা নিয়ে প্রশ্ন ওঠা স্বাভাবিক।’