সংবাদদাতা, বর্ধমান: মেমারি থানার রসুলপুরে পরীক্ষায় অকৃতকার্য হওয়ায় এক উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী কীটনাশক খেয়ে আত্মঘাতী হয়েছেন। মৃতের নাম সন্তু সরকার(১৯)। তিনি রসুলপুর বিএম হাইস্কুল থেকে এবছর উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছিলেন। বৃহস্পতিবার সন্ধ্যায় বাড়িতে তিনি কীটনাশক খান। তাঁকে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। শুক্রবার রাতে তিনি মারা যান। পরিবার সূত্রে জানা গিয়েছে, তিনি এবার উচ্চ মাধ্যমিক পরীক্ষায় ইংরেজিতে পাশ করতে পারেননি। এতে মানসিকভাবে ভেঙে পড়েন তিনি। তার জেরেই তিনি আত্মঘাতী হয়েছেন বলে পরিবারের দাবি।
ভাণ্ডারডিহিতে কীটনাশক খেয়ে আত্মঘাতী যুবক: দেওয়ানদিঘি থানার ভাণ্ডারডিহিতে কীটনাশক খেয়ে এক যুবক আত্মঘাতী হয়েছেন। মৃতের নাম ভূবনেশ্বর বাগ(৩৫)। শুক্রবার গভীর রাতে বাড়িতে তিনি কীটনাশক খান। পরিবারের লোকজন বুঝতে পেরে তাঁকে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসেন। ভর্তির ঘণ্টাখানেক পর তিনি মারা যান। মানসিক অবসাদে তিনি আত্মঘাতী হয়েছেন বলে পরিবারের দাবি।
মুর্শিদাবাদে আত্মঘাতী যুবক: মুর্শিদাবাদের ভরতপুর থানার সালারে কীটনাশক খেয়ে এক যুবক আত্মঘাতী হয়েছেন। মৃতের নাম দেবনাথ দাস(২৮)। দিনকয়েক আগে বাড়িতে তিনি কীটনাশক খান। তাঁকে কেতুগ্রাম হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে আনা হলে চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন। মানসিক অবসাদে তিনি আত্মঘাতী হয়েছেন বলে পরিবারের দাবি।
খানোতে প্রৌঢ়ের অস্বাভাবিক মৃত্যু: গলসি থানার খানোতে এক প্রৌঢ়ের অস্বাভাবিক মৃত্যু হয়েছে। শুক্রবার সন্ধ্যায় ঘরে বাঁশের কাঠামোয় গামছা দিয়ে গলায় ফাঁস লাগানো অবস্থায় তাঁকে ঝুলতে দেখেন পরিবারের লোকজন। তড়িঘড়ি গামছা কেটে নামিয়ে তাঁকে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়। চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন। মৃতের নাম মহম্মদ ফিরোজ খান(৫৭)। তাঁর আত্মহত্যার কারণ নিয়ে পরিষ্কারভাবে কিছু জানাতে পারেননি পরিবারের লোকজন।