দুর্গাপুরে বিজেপির নামে সিন্ডিকেটের তোলাবাজির ছক, অভিযোগে চাঞ্চল্য
বর্তমান | ২৪ মে ২০২৬
সংবাদদাতা, দুর্গাপুর: বিজেপির নাম ভাঙিয়ে দুর্গাপুর ইস্পাত কারখানায় অস্থায়ী শ্রমিক নিয়োগ ঘিরে তোলাবাজির পরিকল্পনা করছিল সিন্ডিকেট। শনিবার সকালে দুর্গাপুরের গোপালমাঠ লাগোয়া বনগ্রামে এই অভিযোগ ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। অভিযোগ, সিন্ডিকেটচক্রের গোপন বৈঠকের খবর পেয়ে বিজেপি কর্মীরাই সেখানে চড়াও হন। দু’পক্ষের গণ্ডগোলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বেশ কয়েকজনকে আটক করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
শনিবার সকালে বনগ্রামে ওই গোপন বৈঠকের খবর ছড়িয়ে পড়ে। অভিযোগ, সেই বৈঠকে দুর্গাপুর ইস্পাত কারখানায় অস্থায়ী শ্রমিক নিয়োগের নামে এলাকার বেকার যুবকদের কাছ থেকে টাকা তোলার পরিকল্পনা করা হচ্ছিল। খবর পেয়ে বিজেপি কর্মীরা সেখানে পৌঁছালে দু’পক্ষের মধ্যে বচসা শুরু হয়। পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।
বিজেপির তরফে তৃণমূলের শ্রমিক সংগঠনের একাংশের দিকে অভিযোগের আঙুল তোলা হয়েছে। তাদের অভিযোগ, দীর্ঘদিন ধরেই কারখানায় অস্থায়ী শ্রমিক নিয়োগের ক্ষেত্রে একটি প্রভাবশালী সিন্ডিকেট কাজ করছে। এই চক্রের বিরুদ্ধে চাকরি পাইয়ে দেওয়ার নামে টাকা নেওয়ার অভিযোগও রয়েছে। এঘটনায় তৃণমূল শ্রমিক সংগঠনের কোর কমিটির সদস্য শেখ, নেতা আকবর আলি, রসুল মিয়াঁ সহ আরো বেশ কয়েকজন জড়িত।
যুব মোর্চার জেলা সহ-সভাপতি সুমন গোপ বলেন, রাজ্যে পরিবর্তনের পরেও পুরনো সিন্ডিকেটচক্র সক্রিয় রয়েছে। এবার বিজেপির নাম ব্যবহার করে নতুনভাবে তোলাবাজির পরিকল্পনা করা হচ্ছিল। শেখ মণি, আকবর আলি ও রসুল মিয়াঁ বৈঠক করে বেকার যুবকদের চাকরির লোভ দেখিয়ে টাকা তোলার ছক কষছিল। খবর পেয়ে আমরা সেখানে গেলে ওরা পালিয়ে যায়। এবিষয়ে তৃণমূল শ্রমিক সংগঠনের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।