৩ জুনের মধ্যে প্রত্যেক দপ্তরের রিপোর্ট তলব লক্ষাধিক শূন্যপদ পূরণে পদক্ষেপ নবান্নের
বর্তমান | ২৪ মে ২০২৬
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরে দীর্ঘদিন ধরে পড়ে থাকা শূন্যপদ পূরণ করতে বড়ো পদক্ষেপ করল নবান্ন। শনিবার রাজ্য অর্থদপ্তরের অডিট শাখা বিজ্ঞপ্তি জারি করে বলেছে, আগামী ৩ জুন ২০২৬-এর মধ্যে সমস্ত প্রশাসনিক দপ্তরকে তাদের শূন্যপদের বিস্তারিত রিপোর্ট জমা দিতে হবে। এই রিপোর্ট সম্মিলিত করে পর্যায়ক্রমে শূন্যপদ পূরণ করা হবে। প্রশাসনিক মহল সূত্রে জানা গিয়েছে, দীর্ঘদিন নিয়োগ না হওয়ায় বহু পদ ফাঁকা পড়ে রয়েছে। পর্যাপ্ত স্থায়ী কর্মচারী না থাকায় প্রশাসনিক কাজেও সমস্যা হচিছল। তাই প্রশাসনিক কাজকর্ম এবং পরিষেবা প্রদান যথাযথভাবে কার্যকর করতেই রাজ্য সরকার শূন্যপদ পূরণের উদ্যোগ নিয়েছে।
প্রতিটি প্রশাসনিক দপ্তরকে আলাদা আলাদাভাবে দপ্তর, ডিরেক্টরেট এবং আঞ্চলিক অফিসের শূন্যপদের তথ্য নির্দিষ্ট ফরম্যাটে প্রস্তুত করতে বলা হয়েছে। বিস্তারিত রিপোর্ট সংশ্লিষ্ট দপ্তরের কাছেই সংরক্ষিত থাকবে। শুধুমাত্র সংকলিত ও একত্রিত রিপোর্ট নবান্নে পাঠাতে হবে। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, সরাসরি নিয়োগের মাধ্যমে যত শূন্যপদ পূরণের প্রস্তাব পাঠানো হবে, তার যথাযথ যুক্তিও দিতে হবে দপ্তরগুলিকে। রিপোর্ট শুধুমাত্র সফ্ট কপিতে ‘এক্সেল স্প্রেডশিট’ আকারে জমা দিতে হবে এবং নির্ধারিত ফরম্যাট কোনোভাবেই পরিবর্তন করা যাবে না। নবান্নের তরফে জানানো হয়েছে, বিষয়টি অত্যন্ত জরুরি এবং গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচনা করতে হবে। এই পদক্ষেপের পর ওয়াকিবহাল মহলের আশা, আগামী দিনে বড়ো সংখ্যায় নিয়োগ হতে চলেছে সরকারি দপ্তরগুলিতে। এ রাজ্যে শূন্যপদের আনুমানিক সংখ্যা কত? প্রশাসনের একাংশের মতে, যেসব পদস্থ আধিকারিক অবসর গ্রহণ করেছেন, এমন বহু পদ পূরণ না করে অস্থায়ী কর্মী নিয়োগের মাধ্যমে কাজ চালানো হচ্ছিল। ফলে একদিকে অস্থায়ী কর্মীর সংখ্যা প্রায় চার লক্ষে পৌঁছেছে। অন্যদিকে নিয়োগ না হওয়ায় শূন্যপদের সংখ্যা অন্তত তিন লক্ষ ছুঁয়েছে।