• শান্তনু ঘনিষ্ঠ ব্যবসায়ীর হোটেল থেকে উদ্ধার আড়াই কেজি সোনা
    বর্তমান | ২৪ মে ২০২৬
  • নিজস্ব প্রতিনিধি,কলকাতা: জোর করে জমি দখলের মামলায় কলকাতা পুলিশের প্রাক্তন ডিসি পদমর্যাদার অফিসার শান্তনু সিনহা বিশ্বাসের ঘনিষ্ঠ এক ব্যবসায়ীর হোটেলে ইডি তল্লাশিতে উদ্ধার হলো ২.৫ কেজি সোনা। যার বাজারমূল্য প্রায় ৪ কোটি টাকা বলে জানা গিয়েছে। একইসঙ্গে মিলেছে দুবাইতে থাকা সম্পত্তির নথি। ইডির দাবি, জোর করে জমি দখল এবং ওসি পোস্টিংয়ের বিনিময়ে আসা বেআইনি টাকা এই ব্যবসায়ীর কাছে গচ্ছিত রাখা হয়েছিল। যে টাকায় সোনা কিনে রাখেন ওই ব্যবসায়ী। তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠাচ্ছে এজেন্সি। ওই ব্যবসায়ীর ঘন ঘন বাংলাদেশ ও দুবাই যাত্রা তদন্তকারীদের নজরে।

    শুক্রবার মার্কুইস স্ট্রিটের হোটেল, দুই ব্যবসায়ীর বাড়ি সহ একাধিক জায়গায় তল্লাশি চালায় ইডি। মার্কুইস স্ট্রিটের হোটেল তল্লাশির সময় তদন্তকারীরা আড়াই কেজি সোনা উদ্ধার করেন। এই বিপুল পরিমাণ সোনা কোথা থেকে এলো, এই নিয়ে জিজ্ঞাসাবাদ শুরু হয় হোটেলের মালিক ও কর্মীদের। কিন্তু কেউ সন্তোষজনক উত্তর দিতে না পারায় এই সোনা বাজেয়াপ্ত করে এজেন্সি।  তদন্তে উঠে এসেছে, এই হোটেল মালিকের সঙ্গে হেফাজতে থাকা শান্তনু সিনহা বিশ্বাসের ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। কালীঘাট থানায় দুজনে নিয়মিত বৈঠক করতেন। বিভিন্ন বেআইনি ব্যবসায় কীভাবে টাকা খাটানো যায়, তার রাস্তা বের করতেন দুজন। বিগত কয়েক বছরে ওই ব্যবসায়ীর হোটেলের সংখ্যা বাড়তে শুরু করে। একইসঙ্গে তাঁর অন্য ব্যবসাও ফুলে ফেঁপে ওঠে। ইডি দাবি করেছে, এই সমস্ত ব্যবসায় কালো টাকা লগ্নি হচ্ছিল। এই টাকার বড় অংশ শান্তনু সিনহা বিশ্বাসের বলে কেন্দ্রীয় এজেন্সির তরফে আরও দাবি করা হয়েছে। এই ব্যবসায়ী বস্তা বস্তা নগদ নিয়ে আসতেন। এই টাকার একটা অংশ আবার বাংলাদেশ ও দুবাইতে পাচার হয়ে গিয়েছে বলে এজেন্সি জেনেছে। সেখানে বিভিন্ন প্রকল্পে এই টাকা খাটছে বলে তদন্তকারীরা জেনেছেন। বিদেশে বিনিয়োগ হওয়া সেই টাকার ঠিক কত, তা জানার চেষ্টা চলছে।
  • Link to this news (বর্তমান)