• গড়িয়াহাট থানায় হাজিরা দিলেন স্বস্তিকা, অভিনেত্রীকে এক ঘণ্টা জিজ্ঞাসাবাদ পুলিশের! এলেন না পরমব্রত
    News18 বাংলা | ২৪ মে ২০২৬
  • কলকাতা: রাজনৈতিক পালাবদলের পরই বড়সড় বিপাকে পড়েছেন টলিউড অভিনেতা স্বস্তিকা মুখোপাধ্যায় ও পরমব্রত চট্টোপাধ্যায়৷ সমাজ মাধ্যমে উস্কানিমূলক পোস্ট করার অভিযোগে গড়িয়াহাট থানায় অভিযোগ দায়ের হয় স্বস্তিকা মুখোপাধ্যায় এবং পরমব্রত চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে।

    গতকালই অভিযোগকে কেন্দ্র করে মামলা রুজু করে পুলিশ৷ আগামী ৭ দিনের মধ্যে স্বস্তিকা মুখোপাধ্যায় এবং পরমব্রত চট্টোপাধ্যায়কে গড়িয়াহাট থানায় হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়। আজ,শনিবার স্বস্তিকা মুখোপাধ্যায় থানায় এসে হাজিরা দেন৷ অভিনেত্রী এলেও পরমব্রত চট্টোপাধ্যায় এখনও হাজিরা দিতে আসেন নি৷

    প্রায় এক ঘণ্টা ধরে জিজ্ঞাসাবাদ করা হয় স্বস্তিকা মুখোপাধ্যায়কে। তদন্তকারীরা জানতে চান, কেন তিনি একটি উস্কানিমূলক পোস্টকে সমর্থন করেছিলেন এবং সেই পোস্টে মন্তব্য করেছিলেন। তদন্তে আরও জানতে চাওয়া হয়, ওই মন্তব্য করার পর শহরের বিভিন্ন এলাকায় ভোট-পরবর্তী হিংসারো ঘটনা ঘটেছিল, সে সম্পর্কে তিনি অবগত ছিলেন কি না? জিজ্ঞাসাবাদের সময় অভিনেত্রীর স্টেটমেন্টও রেকর্ড করা হয়।

    ঘটনার সূত্রপাত ২০২১ সালের ২ মে। সেদিন পরমব্রত এক্স (আগে ট‍্যুইটার) হ‍্যান্ডেলে পোস্ট করেছিলেন, “আজ বিশ্ব রগড়ানি দিবস ঘোষিত হোক।” সেই পোস্টের নীচে স্বস্তিকা মন্তব্য করেন, “হা হা হা হোক হোক।” ওই সময় রাজ্যে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসে। পরমব্রতের এই মন্তব্যকে কেন্দ্র করে তখনই বিতর্ক শুরু হয়েছিল।

    কেন পাঁচ বছর পরে অভিযোগ দায়ের করা হল, সেই প্রশ্নের উত্তরে এক সংবাদমাধ্যমে কলকাতা হাইকোর্টের আইনজীবী এবং অভিযোগকারী জয়দীপ সেন জানান, তিনি এতদিন টইটারে ছিলেন না। সম্প্রতি এক সাংবাদিকের পোস্ট দেখে বিষয়টি তাঁর নজরে আসে। তাঁর দাবি, ওই মন্তব্য বিজেপি কর্মীদের বিরুদ্ধে হিংসা উসকে দিতে পারে। অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে, ঘটনাটি ঘটেছিল আইপিসি কার্যকর থাকার সময়, তাই ভারতীয় ন্যায় সংহিতা চালু হলেও এই মামলায় আইপিসির ১০৭ ধারাই প্রযোজ্য হবে। গড়িয়াহাট থানায় অভিযোগ জানিয়ে পূর্ণাঙ্গ তদন্ত দাবি করেছেন আইনজীবী জয়দীপ সেন। এই বিষয়ে পরমব্রত চট্টোপাধ্যায় ও স্বস্তিকা মুখোপাধ্যায়কে ফোন করা হলে, তাঁরা ফোন ধরেন নি।
  • Link to this news (News18 বাংলা)