• রবিবার কলকাতায় কত হল পেট্রোল-ডিজেলের দাম
    News18 বাংলা | ২৪ মে ২০২৬
  • কলকাতা: রবিবার, ২৪ মে পেট্রোল ও ডিজেলের দামে কোনও পরিবর্তন হয়নি। তেল বিপণন সংস্থাগুলি (OMCs) প্রতিদিন সকাল ৬টায় আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম ও মুদ্রা বিনিময় হারের ভিত্তিতে জ্বালানির দাম সংশোধন করে।

    গত কয়েক দিনে OMC-গুলি তিন দফায় জ্বালানির দাম বাড়িয়েছে, মোট বৃদ্ধি হয়েছে প্রায় ৫ টাকা। ইরান-আমেরিকা যুদ্ধের জেরে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম বেড়ে যাওয়ায় চাপের মুখে পড়েছে তেল সংস্থাগুলি। এর ফলে প্রতিদিনই বড়সড় ক্ষতির সম্মুখীন হচ্ছে তারা। ভারত তার মোট অপরিশোধিত তেলের প্রায় ৮৫-৯০ শতাংশ আমদানি করে, ফলে ভূ-রাজনৈতিক অস্থিরতার কারণে দেশের জ্বালানি বাজার অত্যন্ত সংবেদনশীল।

    অপরিশোধিত তেলের বাড়তি দামের কারণে ভারতের বৈদেশিক মুদ্রার ভাণ্ডারেও চাপ তৈরি হয়েছে।

    গত দু সপ্তাহে তিন বার বেড়েছে পেট্রোল এবং ডিজেলের দাম৷ শনিবার ২৩ মে পেট্রোলের দাম লিটার পিছু ০.৮৭ পয়সা এবং ডিজেলের দাম লিটার পিছু ০.৯১ পয়সা করে বৃদ্ধি করা হয়েছে৷

    শনিবারের দাম বৃদ্ধির ফলে কলকাতায় লিটার পিছু পেট্রোলের নতুন দাম দাঁড়িয়েছে ১১০.৬৪ পয়সা৷ কলকাতায় পেট্রোলের পুরনো দাম ছিল ১০৯.৭০ পয়সা প্রতি লিটার৷ অর্থাৎ কলকাতায় প্রতি লিটারে ০.৯৪ পয়সা বৃদ্ধি পেয়েছে পেট্রোলের দাম৷

    অন্যদিকে, কলকাতায় ডিজেলের নতুন দাম দাঁড়াল ৯৭.০২ টাকা প্রতি লিটার৷ কলকাতায় ডিজেলের দাম ছিল ৯৬.০৭ পয়সা প্রতি লিটার৷ ফলে, কলকাতায় ডিজেলের দাম প্রতি লিটারে ০.৯৫ পয়সা বৃদ্ধি পেয়েছে৷

    তথ্য অনুযায়ী, তেল বিপণন সংস্থাগুলি (OMCs) ১৫ মে, ১৯ মে এবং ২৩ মে— এই তিন দফায় পেট্রল ও ডিজেলের দাম বাড়ায়। সব মিলিয়ে পেট্রলের দাম লিটারপিছু প্রায় ৪.৭৪ টাকা এবং ডিজেলের দাম ৪.৮২ টাকা বেড়েছে। প্রায় চার বছর পর এই প্রথম জ্বালানির দামে বড়সড় ঊর্ধ্বগতি দেখা গেল।

    সরকারি সূত্রে দাবি, হরমুজ প্রণালী ঘিরে উত্তেজনার কারণে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দামে যে ধাক্কা আসে, তার পুরো বোঝা সাধারণ মানুষের উপর চাপানো হয়নি। শুল্ক কমানো, রাষ্ট্রায়ত্ত তেল সংস্থাগুলির ক্ষতি বহন এবং আর্থিক সহায়তার মাধ্যমে দীর্ঘদিন পরিস্থিতি সামাল দেওয়া হয়েছে।
  • Link to this news (News18 বাংলা)