• কোচ অস্কারের সঙ্গে শীঘ্রই আলোচনায় বসছে ইস্ট বেঙ্গল
    বর্তমান | ২৪ মে ২০২৬
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: দীর্ঘ ২২ বছর পর দেশের শীর্ষ লিগ ঘরে তুলেছে ইস্ট বেঙ্গল। চিরপ্রতিদ্বন্দ্বী মোহন বাগানকে গোল পার্থক্যে টেক্কা দিয়ে আইএসএল চ্যাম্পিয়ন হয় অস্কার ব্রুজোঁ ব্রিগেড। সেই সুবাদে আগামী মরশুমে এএফসি’র মঞ্চে প্রতিনিধিত্ব করবে লাল-হলুদ ব্রিগেড। তবে ভারতীয় ফুটবলের ক্লাব ফুটবলের ভবিষ্যৎ কী, তা নিয়ে ধোঁয়াশা অব্যাহত। এই বিষয়ে শুক্রবার রাতে এআইএফএফ’কে চিঠি দেয় আইএসএলের ১০টি ক্লাব। সেই তালিকায় অবশ্য নাম ছিল না ইস্ট বেঙ্গলের। এই প্রসঙ্গে ক্লাবের শীর্ষকর্তা দেবব্রত সরকার জানান, ‘শুক্রবারই ফেডারেশন সভাপতি কল্যাণ চৌবের সঙ্গে কথা হয়েছে। আইএসএলের রোড ম্যাপ কী হবে, তা আমরা জানতে চেয়েছি। কারণ এএফসি’তে প্রতিনিধিত্ব করতে হলে আমাদের সেভাবে দল গঠন করতে হবে।’

    দলের অধিকাংশ ফুটবলারের সঙ্গে দীর্ঘমেয়াদি চুক্তি রয়েছে ইস্ট বেঙ্গলের। তবে কোচ অস্কারের ভবিষ্যৎ নিয়ে রয়েছে প্রশ্নচিহ্ন। লিগের কয়েকটি ম্যাচ বাকি থাকতেই মরশুম শেষে দল ছাড়ার কথা ঘোষণা করেছিলেন স্প্যানিশ কোচ। তবে চ্যাম্পিয়ন হওয়ার পর মত বদলে ক্লাবের সঙ্গে আলোচনায় বসার ব্যাপারে ইঙ্গিত দেন তিনি। এই বিষয়ে দেবব্রত সরকার বলেন, ‘আমরা আগেই বলেছি, ক্লাব প্রথম দিন থেকেই কোচের পাশে রয়েছে। আপাতত তিনি ছুটিতে গিয়েছেন। ফিরলে অবশ্যই আলোচনায় বসব।’

    এদিকে, ইস্ট বেঙ্গল আইএসএল চ্যাম্পিয়ন হওয়ার পর থেকেই ট্রফি সংখ্যা নিয়ে দুই ক্লাব সমর্থকদের মধ্যে তর্ক চলছে। এই প্রসঙ্গে লাল-হলুদ শীর্ষকর্তা জানান, ‘মোহন বাগান ক’টা আইএসএল জিতেছে সেটা ওদের সভাপতি বা সচিব এসে বলুক, তারপর এর উত্তর দেব। কেউ যদি বৃষ্টি ভেজা রাস্তায় অন্যের ছাতায় মাথা গুঁজে আনন্দ পায়, তাহলে ভালো। মনে রাখবেন, সঞ্জীব গোয়েঙ্কা কিন্তু সবার আগে আমাদের প্রস্তাব দিয়েছিলেন। কিন্তু ক্লাব হস্তান্তর নিয়ে তাঁর শর্ত মেনে নেওয়া সম্ভব ছিল না। ঠিক একই জিনিস হয়েছিল শ্রী সিমেন্টের ক্ষেত্রে। আমরা তখনও রাজি হইনি। সেই সিদ্ধান্ত যে ভুল ছিল না, তা এখন প্রমাণিত।’
  • Link to this news (বর্তমান)