• শান্তিপূর্ণ, আইনানুগ এবং স্বাস্থ্যসম্মত ইদ উদযাপনই লক্ষ্য, ১২ দফা নির্দেশিকা ইসলামিক সেন্টার অফ ইন্ডিয়ার
    এই সময় | ২৪ মে ২০২৬
  • এই সময়: বকরি ইদের ঠিক আগে গোরুর কোরবানি বন্ধের নির্দেশিকা জারি করল লখনৌয়ের ইসলামিক সেন্টার অফ ইন্ডিয়া। এএনআইকে দেওয়া এক সাক্ষাৎকারে এ কথা জানিয়েছেন অল ইন্ডিয়া মুসলিম পার্সো‍নাল ল বোর্ডের সদস্য তথা ইসলামিক সেন্টার অফ ইন্ডিয়ার চেয়ারম্যান মৌলানা খালিদ রশিদ ফিরাঙ্গি মাহালি।

    শান্তিপূর্ণ, আইনানুগ এবং স্বাস্থ্যসম্মত বকরি ইদ উদযাপনের জন্য মোট ১২ দফা নির্দেশিকা জারি হয়েছে। মৌলানা খালিদ রশিদ বলেন, ‘ইসলামিক সেন্টার অফ ইন্ডিয়া দেশের মুসলিম সম্প্রদায়কে যে ১২ দফা নির্দেশিকার কথা বলেছে, তার মধ্যে উল্লেখযোগ্য কিছুতেই গোরুর কোরবানি নয়। কারণ তা দেশের আইনের পরিপন্থী। গোরুর বদলে বরং এমন পশুর কোরবানি দেওয়া হোক, যেখানে কোনও আইনি বাধা নেই।’ কোরবানির সময়ে পরিষ্কার–পরিচ্ছন্নতার উপরে জোর দেওয়ার কথা বলা হয়েছে। প্রকাশ্যে রাস্তার ধারে পশুর কোরবানি না করে নির্দিষ্ট জায়গায় তা করার বিষয়টিও বল‍া হয়েছে। পাশাপাশি জানিয়ে দেওয়া হয়েছে পশুর বর্জ্য বাইরে ফেলা যাবে না। বর্জ্য ফেলতে হবে পুরসভা বা পঞ্চায়েতের ঠিক করে দেওয়া নির্দিষ্ট স্থানেই।

    রাস্তাঘাটে নমাজ পড়তেও নিষেধ করা হয়েছে। অনুরোধ করা হয়েছে যেন নমাজ ইদগাহ এবং মসজিদ চত্বরেই পড়তে বসেন সকলে। দেশের সমৃদ্ধির স্বার্থে সকলকে নমাজ শেষে দুয়া করার অনুরোধও করা হয়েছে। মৌলানা খালিদ রশিদ বলেন, ‘দেশজুড়ে যে তাপপ্রবাহ শুরু হয়েছে তা থেকে মুক্তি পেতে ও দেশের নিরাপত্তা ও উন্নতি চেয়ে সকলকে দুয়া করার আবেদন রেখেছি আমরা।’

  • Link to this news (এই সময়)