• গলায় বিজেপির পতাকার ফাঁস, যুবকের দেহ উদ্ধারে চাঞ্চল্য বর্ধমানে
    এই সময় | ২৪ মে ২০২৬
  • এই সময়, বর্ধমান: বিজেপির পোস্টার লাগানো একটি পার্টি অফিসে পাওয়া গেল এক যুবকের দেহ। তা নিয়ে শনিবার বিকেলে চাঞ্চল্য ছড়ায় বর্ধমানের নেড়োদিঘিতে। মুহূর্তে শহরে রটে যায়, বিজেপির এক কর্মীকে খুন করে ঝুলিয়ে দেওয়া হয়েছে। তবে পুলিশের প্রাথমিক ধারণা, তিনি আত্মঘাতী হয়েছেন। ময়নাতদন্তের পরেই মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে বলে জানিয়েছে পুলিশ।

    যে যুবকের দেহ উদ্ধার হয়েছে, তাঁর নাম সফিক শেখ (৩২)। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সফিক এলাকায় তৃণমূলের কর্মী বলেই পরিচিত ছিলেন। তবে এখন তিনি বিজেপির সঙ্গে যুক্ত ছিলেন বলে দাবি পরিবারের। এ দিন বিজেপির পোস্টার লাগানো একটি অফিসের ভিতর থেকে পুলিশ সফিকের দেহ উদ্ধার করলে এলাকায় উত্তেজনা ছড়ায়। সফিকের পরিবারের অভিযোগ তোলে, পুরোনো বিবাদের জেরে তাঁকে খুন করে দেহ ঝুলিয়ে দেওয়া হয়েছে। সফিকের বাবা এই ঘটনায় বর্ধমান থানায় খুনের অভিযোগ দায়েরও করেছেন। তাঁর গলায় ছিল বিজেপির পতাকা পাকিয়ে তৈরি করা দড়ির ফাঁস।

    অবশ্য বিজেপির জেলা সভাপতি অভিজিৎ তা এ দিন বলেন, ‘যাঁর দেহ পাওয়া গিয়েছে, তিনি আমাদের দলের কর্মী নন। আর ওই এলাকায় আমাদের দলের কোনও অফিস নেই। কেউ রাস্তা থেকে ব্যানার, পোস্টার খুলে নিয়ে লাগিয়ে দিয়েছে।’ তিনি আরও বলেন, ‘দেখলেই বোঝা যাবে, ওই অফিসটা কারা ব্যবহার করত এত দিন। আমরা পুলিশকে বলেছি তদন্ত করে দেখার জন্য। এটা নিশ্চিত করেই বলছি, ওটা আমাদের পার্টি অফিস নয়।’

  • Link to this news (এই সময়)