• সকাল থেকেই মেঘলা আকাশ কলকাতায়, কবে মিলবে স্বস্তি? জানাচ্ছে আবহাওয়া দপ্তর
    এই সময় | ২৪ মে ২০২৬
  • সকাল থেকেই মেঘলা আকাশ শহর কলকাতায়। তাহলে কি রবিবার ছুটির মেজাজে বৃষ্টি হবে— এই প্রশ্নই ঘুরপাক খাচ্ছে শহরবাসী মনে। কিন্তু আবহাওয়া দপ্তর এখনই স্বস্তির কোনও খবর দিতে পারছে না দক্ষিণবঙ্গের বাসিন্দাদের। আবহাওয়া দপ্তর জানিয়েছে, ২৬ মে পর্যন্ত একই রকম গরম ও অস্বস্তি বজায় থাকবে। তবে আবহাওয়ার পরিবর্তনের সম্ভাবনা রয়েছে ২৭ মে থেকে। এমনকী আগামী সপ্তাহে দক্ষিণবঙ্গের তাপমাত্রা কমতে পারে প্রায় ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত।

    রবিবার সকাল থেকেই মেঘলা আকাশ কলকাতায়। রোদের দেখা না মিললেও রয়েছে অস্বস্তিকর গরম। আবহাওয়া দপ্তর জানিয়েছে, আগামী সপ্তাহে কলকাতা ও সংলগ্ন এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা প্রবল। রবিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৯.৯ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ৩.০ ডিগ্রি সেলসিয়াস বেশি। সর্বোচ্চ তাপমাত্রা ৩৫.৬ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ০.২ ডিগ্রি সেলসিয়াস বেশি।

    বুধবার, ২৭ মে থেকে আবহাওয়ার পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই ঝড়বৃষ্টি হতে পারে। কলকাতা এবং সংলগ্ন এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে বৃহস্পতিবার ও শুক্রবার। তবে তার আগে বজায় থাকবে অস্বস্তিকর গরম। বিশেষ করে পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর এবং পশ্চিম বর্ধমানে গরম বাড়তে পারে।

    আপাতত ভারী থেকে অতি ভারী বৃষ্টি চলবে উত্তরবঙ্গে। জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে রবিবার। এ ছাড়াও দার্জিলিং, কালিম্পং, কোচবিহার এবং উত্তর দিনাজপুরে ভারী বৃষ্টির সতর্কতা জারি হয়েছে। সোমবার ও মঙ্গলবার উত্তরবঙ্গের কয়েকটি জেলায় বিক্ষিপ্ত ভাবে ভারী বৃষ্টি হতে পারে। তবে বুধবার থেকে উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণ কিছুটা কমতে পারে বলে পূর্বাভাস।

  • Link to this news (এই সময়)