সামান্য ধূপকাঠি থেকে বড় বিপর্যয়, ভয়াবহ আগুনে পুড়ে ছাই বসতবাড়ি
News18 বাংলা | ২৪ মে ২০২৬
হঠাৎ ‘আগুন – আগুন’ করে চারিদিক থেকে শুরু হল চিৎকার। শান্ত পরিবেশ মুহূর্তেই হয়ে উঠল চঞ্চল্যকর। আগুনে পুড়ে ছাই হয়ে গেল একটি বসতবাড়ি। ভয়াল আগুনে ছাই হয়ে গিয়েছে বাড়ির সমস্ত আসবাবপত্র থেকে শুরু করে জামাকাপড় এবং গুরুত্বপূর্ণ বিভিন্ন জিনিস। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের ইঞ্জিন। কিন্তু ততক্ষণে বাড়ির বেশিরভাগ অংশ পুড়ে গিয়েছে। আর এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে দুর্গাপুরের কুনুরিয়াডাঙা এলাকায়।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, কুরুরিয়া ডাঙা এলাকার বাসিন্দা পরিমল হালদারের বাড়িতে আচমকাই এই আগুন লাগে। দমকল আধিকারিক এবং পরিবারের সদস্যদের প্রাথমিক ধারণা, ঘরে জ্বালানো ধূপকাঠি বা প্রদীপ থেকেই কোনওভাবে এই আগুনের সূত্রপাত হয়েছে। প্রথমে ঘরের ভেতর থেকে গলগল করে কালো ধোঁয়া বের হতে দেখেন প্রতিবেশীরা। কিছুক্ষণের মধ্যেই পরিমলবাবুর টালির চালের ফাঁক দিয়ে আগুনের লেলিহান শিখা বের হতে থাকলে গোটা এলাকায় হুড়োহুড়ি ও আতঙ্ক পড়ে যায়।
কোথাও জল না পেয়ে স্থানীয় বাসিন্দারাই বালতি হাতে প্রথমে আগুন নেভানোর কাজে হাত লাগান। একই সঙ্গে খবর দেওয়া হয় দমকল কেন্দ্রে। খবর পাওয়া মাত্রই দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় দমকলের একটি ইঞ্জিন। দমকল কর্মী এবং এলাকার মানুষের যৌথ প্রচেষ্টায় বেশ কিছুক্ষণের লড়াইয়ের পর আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। তবে অগ্নিকাণ্ডের সময়ে বাড়ির ভেতরে কেউ না থাকায় কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি।
বাড়ির ভিতরে কেউ না থাকার কারণে বড়সড় বিপর্যয় আটকানো গিয়েছে বলেই ধারণা করছেন সকলে। অন্যদিকে অগ্নিকাণ্ডের আসল কারণ জানতে তদন্ত শুরু করেছেন দমকল এবং পুলিশ আধিকারিকরা। তবে প্রাথমিকভাবে অনুমান, অসাবধানতাবশত এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে। যা মুহূর্তের মধ্যে ভয়াবহ আকার ধারণ করেছিল। অন্যদিকে আগুন দেখতে পেয়ে সঙ্গে সঙ্গে ঝাঁপিয়ে পড়েন স্থানীয় বাসিন্দারা। তা না হলে আগুন আরও ভয়াবহ রূপ ধারণ করতে পারত বলেই অনেকে আশঙ্কা করছেন। সবমিলিয়ে এই ঘটনাকে কেন্দ্র করে আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছিল এলাকায়।