• বিধায়ক পদ ছাড়লেও আজ নন্দীগ্রামকে ধন্যবাদ জানাতে আসছেন শুভেন্দু, শহিদদেরও শ্রদ্ধা জানাবেন মুখ্যমন্ত্রী!
    News18 বাংলা | ২৪ মে ২০২৬
  • আজ ফের নন্দীগ্রামে আসছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী৷ ইতিমধ্যেই নন্দীগ্রামের বিধায়ক পদ থেকে ইস্তফা দিয়েছেন শুভেন্দু অধিকারী৷ কিন্তু ইস্তফা দিলেও বিধানসভা নির্বাচনে জয়ের জন্য নন্দীগ্রামবাসীকে ধন্যবাদ জ্ঞাপন করবেন তিনি৷

    শুধু তাই নয়, ধন্যবাদ জ্ঞাপন মঞ্চ থেকেই নন্দীগ্রামের শহিদ পরিবারের সদস্যদের শ্রদ্ধাও জানাবেন শুভেন্দু অধিকারী৷ নিহত জমি আন্দোলনকারীদের পরিবার পরিজনদের নন্দীগ্রামের মঞ্চে দাঁড়িয়েই শ্রদ্ধা জানাবেন তিনি।

    জমি অধিগ্রহণ বিরোধী আন্দোলনে যোগ দিয়ে ২০০৭ সালের ১৪ মার্চ, ৩ জানুয়ারি, ১০ নভেম্বর সহ বিভিন্ন সময় মৃত্যু বরণ করেছেন নন্দীগ্রামের প্রতিবাদী মানুষজন। সেই জমি আন্দোলনেরই প্রধান মুখ শুভেন্দু অধিকারী আজ মুখ্যমন্ত্রীর চেয়ারে।

    কালকের সভায় নন্দীগ্রামের শহিদ পরিবারের সদস্যদের শ্রদ্ধা জানাবেন মুখ্যমন্ত্রী। আজ নন্দীগ্রামে তাঁকে সংবর্ধনা জানানো হবে৷ শুভেন্দু অধিকারীও জমি আন্দোলনের শহিদদের শ্রদ্ধা জানাবেন৷ নন্দীগ্রামের সীতানন্দ কলেজের মাঠেই এই অনুষ্ঠান হওয়ার কথা৷

    আজ নন্দীগ্রামের সভা শেষ করে হলদিয়া যাবেন মুখ্যমন্ত্রী। হলদিয়া ভবনে শিল্প শহরের উন্নয়ন সংক্রান্ত গুরুত্বপূর্ণ বৈঠক করবেন তিনি।

    এ বছরের বিধানসভা নির্বাচনে নন্দীগ্রাম থেকে তৃণমূলের পবিত্র করকে পরাজিত করেছিলেন শুভেন্দু অধিকারী৷ যদিও ভবানীপুরের বিধায়ক রাখার জন্য নন্দীগ্রামের বিধায়ক হিসেবে ইস্তফা দিতে হয় তাঁকে৷ মুখ্যমন্ত্রী অবশ্য আগেই জানিয়েছিলেন, বিধায়ক পদ ছাড়লেও নন্দীগ্রামের মানুষের পাশেই থাকবেন তিনি৷

    মুখ্যমন্ত্রী হওয়ার পর এই নিয়ে দ্বিতীয় বার নন্দীগ্রামে পা রাখলেন শুভেন্দু অধিকারী৷ গত শনিবারও নন্দীগ্রামে গিয়ে স্থানীয় বিজেপি নেতৃত্বের সঙ্গে বৈঠক করে যান শুভেন্দু অধিকারী৷ মনে করা হচ্ছে, নন্দীগ্রামে উপনির্বাচনের জন্য প্রাথমিক প্রস্তুতি বৈঠকই সেরে গিয়েছিলেন তিনি৷
  • Link to this news (News18 বাংলা)