• বাবা ইঞ্জিনিয়ার, ছেলে বাইর চোর! রাস্তায় দাঁড়িয়ে থাকা ২ লাখ টাকার বাইক নিয়ে পালাল সোনারপুরের দুই স্কুল পড়ুয়া
    News18 বাংলা | ২৪ মে ২০২৬
  • স্টাইলিশ বাইক চালানোর শখ মেটাতে গিয়ে শেষমেশ চুরির পথে পা বাড়াল সোনারপুরের দুই স্কুল পড়ুয়া। টিকটক ভিডিও করার সময় চালু অবস্থায় থাকা Yamaha R15 বাইক নিয়ে চম্পট দিয়েছিল তারা। বারুইপুর থানার পুলিশ সোনারপুর থেকে দু’জনকে গ্রেফতার করে চুরি যাওয়া প্রায় আড়াই লক্ষ টাকা দামের বাইকটি উদ্ধার করেছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতদের মধ্যে একজনের বয়স ১৮ বছর। সে এ বছর সোনারপুরের একটি স্কুল থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছে। তার বাবা পেশায় ইঞ্জিনিয়ার। অপর ধৃত নাবালকের বয়স মাত্র ১৪ বছর। সে সোনারপুরেরই একটি স্কুলের অষ্টম শ্রেণির ছাত্র। তার বাবা পেশায় পুরোহিত। নাবালক হওয়ায় তার নাম-পরিচয় গোপন রাখা হল।

    ঘটনার সূত্রপাত গত ১৯ এপ্রিল সন্ধেবালা। নরেন্দ্রপুর বনহুগলির বাসিন্দা সুরেশ কয়াল বারুইপুর থানার টংতলা হ্যাপি ভ্যালি পার্কে নিজের নতুন ইয়ামাহা আর১৫ মোটরসাইকেল নিয়ে টিকটক ভিডিও করছিলেন। সেই সময় বাইকটি চালু অবস্থায় ছিল। অভিযোগ, বাইকটি দেখার নাম করে দুই পড়ুয়া আর১৫ বাইকটি নিয়ে সেখান থেকে চম্পট দেয়। এই বাইকের বাজর মূল্য প্রায় দেড় থেকে ২ লক্ষ টাকা৷ সুরেশ কয়ালের অভিযোগের ভিত্তিতে বারুইপুর থানায় চুরির মামলা রুজু হয়। কেস নম্বর ৮৪৬/২৬।

    আরও পড়ুন Parambrata-Swastika: আবারও FIR, পরমব্রত-স্বস্তিকাকে গ্রেফতার করতেই হবে, দাবি সনাতনী প্রচার ও প্রসার কমিটির

    তদন্তে নেমে পুলিশ সুরেশের এক বন্ধুর টিকটক ভিডিওতে অভিযুক্ত দু’জনের ছবির হদিশ পায়। সেই সূত্র ধরেই গতকাল, শনিবার, সোনারপুর থেকে দুই স্কুল পড়ুয়াকে গ্রেফতার করা হয়৷ তাদের জিজ্ঞাসাবাদ করে চুরি যাওয়া বাইকটি উদ্ধার করা হয়।

    পুলিশ জানিয়েছে, ১৮ বছর বয়সি ধৃতকে আজ, রবিবার, বারুইপুর আদালতে পেশ করা হবে। নাবালক হওয়ায় অপর ধৃতকে জুভেনাইল কোর্টে পেশ করা হবে। এক পুলিশ আধিকারিক জানান, “সোশ্যাল মিডিয়ায় স্টাইলিশ বাইকের ভিডিও দেখে আকৃষ্ট হয়েছিল এই দু’জন। দামি বাইক চালানোর শখ থেকেই এই চুরি। দু’জনকে জিজ্ঞাসাবাদ করে এমনই জানা গিয়েছে৷”
  • Link to this news (News18 বাংলা)