• সাত বছরের চেষ্টা সফল, তাসখন্দে রুপো জিমন্যাস্ট প্রণতির
    এই সময় | ২৪ মে ২০২৬
  • এই সময়: সাত বছরের চেষ্টায় অবশেষে আন্তর্জাতিক মেডেলের রং বদল করলেন পশ্চিম মেদিনীপুরের পিংলার জিমন্যাস্ট প্রণতি নায়েক। শনিবার উজবেকিস্তানের তাসখন্দে ওয়ার্ল্ড চ্যালেঞ্জ কাপের ভল্টে রুপো পেলেন ৩১ বছরের প্রণতি। এই বিভাগেই পঞ্চম হয়েছেন বাংলার প্রতিষ্ঠা সামন্ত। পদকের লড়াইয়ে প্রণতির প্রতিদ্বন্দ্বী ছিলেন ভিয়েতনাম ও উজবেকিস্তানের জিমন্যাস্ট। যাঁরা যথাক্রমে সোনা ও ব্রোঞ্জ পেয়েছে‍ন।

    শনিবার রাতে তাসখন্দ থেকে ফোনে প্রণতি বলছিলেন, ‘গত বছর অক্টোবরে গোড়ালিতে চোট পাওয়ার পরে এত দিন বড় কোনও টুর্নামেন্টে নামতেই পারছিলাম না। সামনে এশিয়ান চ্যাম্পিয়নশিপ ও এশিয়ান গেমস। সেটা ভেবেই চোট পুরোপুরি না সারিয়েই এই টুর্নামেন্টে নামি আত্মবিশ্বাস ফিরে পেতে। এই রুপো জয় আমার আত্মবিশ্বাস ফিরিয়ে দিয়েছে। লক্ষ্য, সামনের মাসে এশিয়ান চ্যাম্পিয়নশিপে পদক জেতা।’

    ২০১৮ সাল থেকে আন্তর্জাতিক পদক পাওয়া শুরু প্রণতির। কিন্তু অ্যাপারেটার্স ওয়ার্ল্ড কাপে দুটো ব্রোঞ্জ জেতার পরে তিনি এশিয়ান জিমন্যাস্টিক্স চ্যাম্পিয়নশিপে তিন বার তৃতীয় হয়ে ব্রোঞ্জেই আটকে ছিলেন। অনেক চেষ্টাতেও বদল করতে পারছিলেন না মেডেলের রং। বাংলায় জিমন্যাস্টিক্সের পরিকাঠামো না থাকায় তাঁকে চলে যেতে হয়েছে ওডিশায়। সেখানে অশোক মিশ্রের কাছে প্র্যাক্টিস করেই এল এই সাফল্য।
  • Link to this news (এই সময়)