• লিগ–শিল্ড আর ট্রফি মিলিয়ে চারটে কাপ, বর্ণাঢ্য ট্রফি–ট্যুর করবে ইস্টবেঙ্গল
    এই সময় | ২৪ মে ২০২৬
  • এই সময়: ক্লাব তাঁবুতে প্রথমবার আইএসএল ট্রফি আসার কয়েক ঘণ্টা পরে প্রেস মিট করে আগামী দিনে টিমের কর্মকাণ্ডের কথা ঘোষণা করলেন ইস্টবেঙ্গলের পদস্থ কর্তারা।

    সচিব রূপক সাহা সহ অন‍্য কর্তাদের পাশে বাসিয়ে অন্যতম শীর্ষ কর্তা দেবব্রত (নীতু) সরকার ঘোষণা করেন, তাঁরা যথেষ্ট গুরুত্ব সহকারেই এশিয়ান চ্যাম্পিয়ন্স লিগ টু–তে খেলতে চান। তাঁর কথায়, ‘আমি এ নিয়ে এআইএফএফ প্রেসিডেন্ট কল্যাণ চৌবের সঙ্গে কথা বলে দ্রুত ভারতীয় ফুটবলের ক্যালেন্ডার আর রোডম্যাপ জানতে চেয়েছি।’ যোগ করেন, ‘কোচ অস্কার ব্রুজ়ো গোয়ায় ছুটি কাটাতে গিয়েছেন। তিনি ফিরলেই এ নিয়ে আলোচনা হবে। তবে আমরা টিমের শক্তি আরও বাড়াতে চাই। তার জন্য কাদের নেওয়া দরকার, সে ব্যাপারে শীঘ্রই কথা বলা হবে ইমামি ম্যানেজমেন্টের সঙ্গে।’ আইএসএল জয়ে আগামী দিনে বর্ণাঢ্য ট্রফি–ট্যুরের পরিকল্পনা করছে ক্লাব।

    অস্কার তো ক্লাব ছাড়তে চেয়েছেন? এই প্রশ্নে দেবব্রতর জবাব, ‘আমরা তো মরশুম শুরু থেকেই অস্কারকেই টিমের সব দায়িত্ব দিয়েছি। তাঁর কাজে কেউই কোনও হস্তক্ষেপ করেনি। এখনও ওঁকেই আমরা চাই। আশা করি, উনি থাকবেন।’

    ইমামি কি তাঁদের সঙ্গে থাকবে? লাল হলুদের শীর্ষ কর্তার পাল্টা জবাব, ‘ইমামি থাকবে না এমন কোন কথা আমাদের জানা নেই। আমরা ইনভেস্টর কর্তাদের কাছে কৃতজ্ঞ, চলতি মরশুমে ওঁরা যেমন আমাদের কথাকে গুরুত্ব দিয়েছেন, তেমনই ওঁরা আমাদের যা দায়িত্ব দিয়েছিলেন, তা আমরা পালন করেছি। এই বোঝাপড়াতেই এসেছে টিমের সাফল্য।’

    মোহনবাগান আইএসএলের লিগ–শিল্ড আর ট্রফি মিলিয়ে চারটে কাপ ঘরে তুলেছে। সেখানে তাঁদের তাঁবুতে এখন সবে একটা কাপ! এমন মন্তব্য শুনে দেবব্রতর গলায় চ্যালেঞ্জ। বললেন, ‘মোহনবাগান প্রেসিডেন্ট বা সচিবকে দাবি করতে বলুন, এই কাপগুলো সত্যি তাঁদের ক্লাবের কি না। আমাদের এই কাপটা কিন্তু শুধু আমাদেরই। এটা আমাদের ক্লাবেই আছে। থাকবেও। ইমামি কর্তারাও সেটাই চান।’ দেবব্রত যোগ করেন, ‘সঞ্জীব গোয়েঙ্কা প্রথমে ইস্টবেঙ্গলের সঙ্গেই চুক্তি করতে চেয়েছিলেন। কিন্তু সেই চুক্তি করলে ক্লাবটা হস্তান্তর করতে হতো। সেটা আমরা চাইনি। তাই ওদের সঙ্গে চুক্তি করিনি। পরে শ্রীসিমেন্টও আমাদের ক্লাবের দখল নিতে চেয়েছিল। আমরা উদ্বাস্তু, নতুন করে আর ঘর হারাতে চাই না বলেই ওদের সঙ্গে সম্পর্ক ত্যাগ করেছি।’
  • Link to this news (এই সময়)