বনের দুই অতিথির দাপটে সাতসকালে হুলস্থুল কাণ্ড, গবাদি পশুর ওপর মারাত্মক হামলা
News18 বাংলা | ২৪ মে ২০২৬
সাত সকালে কচু ক্ষেতে এরা কারা? বুঝতে পেরেই ভয়ে কাঁটা গ্রামবাসীরা। দেখতে ভিড়, আর তাতেই বাড়ছে বিপদ! বনের দুই অতিথির দাপটে জখম ১, মৃত্যু হয়েছে এক গবাদি পশুর। সকালটা ছিল একেবারেই সাধারণ। কিন্তু কিছুক্ষণের মধ্যেই ব্যপক চাঞ্চল্য ছড়ায় এলাকায়। সাত সকালেই ধূপগুড়ি ব্লকের মাগুরমারি এলাকার লোকালয়ের ভেতর হঠাৎই দেখা মেলে দুটি বুনো বাইসনের।
আর তারপরই ছড়ায় চাঞ্চল্য। বাইসন আতঙ্কে সতর্ক বন দফতর। স্থানীয় সূত্রে জানা যায়, মাগুরমারি ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের কালিরহাট-বীণাপাণি এলাকায় প্রথমে একটি বাইসনকে ঘোরাফেরা করতে দেখা যায়। কিছু বুঝে ওঠার আগেই সেটি একটি গরুর ওপর হামলা চালায়। গরুটিকে বাঁচাতে এগিয়ে গেলে বিপদ নেমে আসে মানুষের ওপরেই। বাইসনের গুঁতোয় গুরুতর জখম হন সুনীল রায় নামে এক ব্যক্তি।
দ্রুত তাঁকে উদ্ধার করে ধূপগুড়ি গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়। ঘটনা এখানেই থামেনি। কিছুক্ষণ পর এলাকায় আরও একটি বাইসনের দেখা মেলে, যা ভয় আরও বাড়িয়ে দেয়। সকাল থেকেই বাইসনের দাপাদাপিতে ভয়ে ঘরছাড়া হতে শুরু করেন অনেকেই। তবে কৌতূহলও কম নয়। ঝুঁকি নিয়েই অনেকেই ভিড় জমিয়েছিলেন এই বুনো প্রাণী দুটিকে দেখতে।
খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছন বন দফতরের কর্মীরা। মাইকিং করে এলাকাবাসীকে সতর্ক করা হয়েছে, যাতে কেউ বাইসনের কাছাকাছি না যান। পাশাপাশি শুরু হয়েছে নজরদারি ও উদ্ধার তৎপরতা। বনকর্মীদের অনুমান, পাশের খুট্টিমারি বা গধেয়ারকুঠি জঙ্গল থেকেই পথ ভুলে লোকালয়ে ঢুকে পড়েছে বাইসন দুটি।