• ভাঙল রেকর্ড, ভারতের দ্রুততম মানব গুরিবন্দবীর সিং
    এই সময় | ২৪ মে ২০২৬
  • ন্যাশনাল সিনিয়র অ্যাথলেটিক্স ফেডারেশন প্রতিযোগিতার দ্বিতীয় দিনটি ভারতীয় অ্যাথলেটিক্সের ইতিহাসে এক স্মরণীয় দিন হয়ে রইল। শনিবার মোরাবাদির বিরসা মুন্ডা স্টেডিয়ামে তিনটি নতুন জাতীয় রেকর্ড তৈরি হওয়ার পাশাপাশি বেশ কয়েকটি বড় মাইলফলক ছুঁয়েছেন অ্যাথলিটরা। সেখানেই আলোচনায় গুরিবন্দবীর সিং।

    ১০০ মিটার স্প্রিন্টের ফাইনালে গুরিন্দরবীর সিং ১০.০৯ সেকেন্ড সময় নিয়ে নতুন জাতীয় রেকর্ড গড়লেন। তিনিই প্রথম ভারতীয় অ্যাথলিট যিনি ১০.১০ সেকেন্ডের চেয়ে কম সময়ে এই রেস শেষ করলেন। এই অসাধারণ পারফরম্যান্সের সুবাদে গ্লাসগো কমনওয়েলথ গেমসের যোগ্যতা অর্জন করেছেন তিনি।

    শুক্রবার তিনি একবার রেকর্ড ভেঙেছিলেন, যা কিছুক্ষণ পরেই অনিমেষ কুজুর ভেঙে দেন। কিন্তু শনিবার ফাইনালে অনিমেষকে (১০.২০ সেকেন্ড) পিছনে ফেলে সেরার মুকুট পরেন গুরিন্দরবীর। প্রণব প্রমোদ ১০.২৯ সেকেন্ড সময় নিয়ে তৃতীয় হন। রেসের পর গুরিন্দরবীর বলেন, ‘এই প্রতিদ্বন্দ্বিতা দারুণ এবং খেলাধুলার জন্য অত্যন্ত প্রয়োজনীয়। আগে সবাই ভাবত শুধু আমিই জোরে দৌড়াতে পারি, কিন্তু এখন আমাকে চ্যালেঞ্জ জানানোর মতো কেউ আছে।’ তবে এখানেই থামতে নারাজ তিনি। নিজের বিবের পিছনে লেখা একটি বার্তা দেখিয়ে তিনি বলেন, ‘১০.১০। কাজ এখনও শেষ হয়নি। অপেক্ষা করুন, আমি এখনও লড়ছি।’

    তামিলনাড়ুর বিশাল টিকে ৪০০ মিটার দৌড়ের ফাইনালে ৪৪.৯৮ সেকেন্ডে শেষ করে ইতিহাস গড়লেন। তিনিই দেশের প্রথম অ্যাথলিট যিনি ৪৫ সেকেন্ডের নিচে ৪০০ মিটার দৌড় শেষ করলেন। তবে দুর্ভাগ্যের বিষয়, মাত্র ০.০২ সেকেন্ডের জন্য কমনওয়েলথ গেমসের যোগ্যতা অর্জন করতে পারলেন না। এই ইভেন্টে রাজেশ রমেশ (৪৫.৩১ সেকেন্ড) দ্বিতীয় এবং জয় কুমার (৪৫.৪৭ সেকেন্ড) তৃতীয় হন। তিনি বলেন, ‘আমি জানতাম আজ আমাকে ইতিহাস গড়তে হবে। ট্র্যাকে নামার আগেই মনস্থির করে নিয়েছিলাম। আমি জানতাম আমি ৪৪ সেকেন্ডের ঘরে দৌড়তে পারব, কিন্তু কাউকে বলিনি।’

    পুরুষদের ডেক্যাথলনে তেজস্বীন শঙ্কর ৮,০০০ পয়েন্টের গণ্ডি পেরিয়ে প্রতিযোগিতায় আলাদা মাত্রা যোগ করেন। মোট ৮০৫৭ পয়েন্ট সংগ্রহ করে তিনি শুধু জাতীয় রেকর্ডই করেননি, কমনওয়েলথ গেমসের যোগ্যতাও অর্জন করেছেন (যোগ্যতা নির্ণায়ক পয়েন্ট ছিল ৭৭৮৭)।

    প্রথম দিন দুর্দান্ত পারফরম্যান্সের পর তাঁর সংগ্রহে ছিল ৪৫১১ পয়েন্ট। দ্বিতীয় দিনের শুরুতে ১১০ মিটার হার্ডলসে ১৪.২৩ সেকেন্ড সময় নেন তিনি। এরপর ডিসকাস থ্রোয়ে ৩৭.৯০ মিটার এবং পোল ভল্টে ৪.২০ মিটার পারফর্ম করেন। জ্যাভলিনে কিছুটা পিছিয়ে (৪৭.৭১ মিটার) পড়লেও, শেষ ইভেন্ট ১৫০০ মিটার রেসে নিজের ব্যক্তিগত সেরা সময় (৪:২৯.০২ মিনিট) স্পর্শ করে ৮,০০০ পয়েন্টের মাইলফলক ছুঁয়ে ফেলেন তিনি।

  • Link to this news (এই সময়)