আজকাল ওয়েবডেস্ক: সম্পর্ক বহুদিনের। কিন্তু সেই বহুদিনের সম্পর্ককে পূর্ণতা দিতে লড়াই ছিল আরও কঠিন। তবে সেসব বাধা কাটিয়ে শেষমেশ এক হল চারহাত। যেন, ভরা গ্রীষ্মে, অন্য বসন্ত।
কাঁচরাপাড়ায় হল সমকামী দম্পতির বিয়ে, পরিবারের সম্মতিতেই অবশেষে চার হাত এক হল মন্দিরে।
দীর্ঘ ন'বছরের সম্পর্ক, সেই পথ চলায় এসেছে একের পর এক বাধা, সামাজিক কটাক্ষ থেকে শুরু করে থানা-পুলিশ, এমনকি ক্লাবের হস্তক্ষেপও সহ্য করতে হয়েছে সমকামীপ্রেমিক-প্রেমিকাকে। এমনকী এই সম্পর্ক ভাঙতে প্রেমিক বিশ্বজিৎ ঘোষ কে ২৭ মাস রিহ্যাব সেন্টারেও রাখা হয়েছিল বলে দাবি।
তবুও শেষ পর্যন্ত হার মানেনি ভালোবাসা। সমস্ত প্রতিকূলতাকে কাটিয়ে অবশেষে পরিবারের সম্মতিতেই বিবাহবন্ধনে আবদ্ধ হলেন সমকামী যুগল বিশ্বজিৎ ও সানা। শনিবার কাঁচরাপাড়ার একটি কালী মন্দিরে সম্পন্ন হয় তাঁদের বিয়ে। উপস্থিত ছিলেন দুই পরিবারের সদস্যরাও। সামাজিক রীতি মেনেই সম্পন্ন হয় অনুষ্ঠান। কনের সাজে শাড়ি ও গয়নায় সেজে ওঠেন সানা। প্রিয় মানুষের পাশে বসে আবেগঘন মুহূর্তে ধরা পড়েন নবদম্পতি।
পরিবারের সদস্যরা জানান, দীর্ঘদিনের সম্পর্ক ও একে অপরের প্রতি তাঁদের আন্তরিকতা দেখেই শেষ পর্যন্ত এই সম্পর্ককে মান্যতা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নিজেদের জীবন নিজেদের মতো করে বাঁচার অধিকার সকলের রয়েছে বলেও মত পরিবারের।
নবদম্পতির বক্তব্য, সমাজে এখনও সমকামী সম্পর্ক নিয়ে নানা বাধা ও কটূক্তির মুখোমুখি হতে হয় অনেককেই। তবে ভালোবাসার কোনও আলাদা সংজ্ঞা হয় না। তাঁরা চান, সমাজে সমকামী মানুষরাও যেন মাথা উঁচু করে নিজেদের সম্পর্ককে স্বীকৃতি দিতে পারেন এবং পরিবারের পাশে থাকার গুরুত্বও তুলে ধরেন তাঁরা। এই বিয়ে ঘিরে এলাকায় ব্যাপক চর্চা শুরু হয়েছে। অনেকের মতে, সমাজ পরিবর্তনের যেন এক বড় বার্তা দিল কাঁচরাপাড়ার এই সমকামী দম্পতি।