আমেরিকা-ইরান সংঘাতের আবহে চার দিনের সফরে চিনে পৌঁছলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। চিনের সরকারি সংবাদসংস্থা ‘সিনহুয়া’ জানিয়েছে, তিনি ঝেজিয়াং প্রদেশে পৌঁছেছেন। সফরে চিনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে তাঁর বৈঠক হওয়ার কথা রয়েছে।
সম্প্রতি আমেরিকা ও ইরানের মধ্যে শান্তি প্রতিষ্ঠায় মধ্যস্থতার ভূমিকা নিয়েছে পাকিস্তান। ইসলামাবাদেই হয়েছিল দু’দেশের প্রথম দফার বৈঠক। সেই প্রেক্ষিতেই শাহবাজের চিন সফরকে তাৎপর্যপূর্ণ বলে মনে করছে কূটনৈতিক মহল।
কয়েকদিন আগে বেজিং সফরে গিয়েছিলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তারপরেই শাহবাজের সফর নতুন জল্পনা উস্কে দিয়েছে।
চিনের বিদেশ মন্ত্রক জানিয়েছে, দু’দেশের পারস্পরিক স্বার্থ সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা হবে। পাশাপাশি, পশ্চিম এশিয়ায় শান্তি প্রতিষ্ঠায় পাকিস্তানের মধ্যস্থতাকারী ভূমিকারও প্রশংসা করেছে বেজিং।