মাসে ২ লক্ষ বেতন! লোভে পড়ে রুশ সেনায় ভারতীয়রা, মৃত ৪৯, সুপ্রিম কোর্টে জানাল মোদি সরকার
প্রতিদিন | ২৪ মে ২০২৬
নিজের দেশ নয়, রাশিয়ার হয়ে যুদ্ধে লড়তে হয়েছে ভারতীয়দের! রাশিয়ায় কাজের টোপ দেখিয়ে সেদেশের সেনাবাহিনীতে পাঠিয়ে দেওয়া হচ্ছে ভারতীয়দের, এমন অভিযোগ এনেছিলেন সাংসদ আসাদউদ্দিন ওয়েইসি। সেই অভিযোগ আগেই মেনে নিয়েছে কেন্দ্র। এবার সুপ্রিম কোর্টে মোদি সরকার জানাল, রাশিয়ার হয়ে লড়তে গিয়ে প্রাণ গিয়েছে ৪৯ জন ভারতীয়র। একশোরও বেশি ভারতীয় এখনও আটকে রয়েছেন রুশ সেনাবাহিনীতে।
বিদেশমন্ত্রকের তরফ থেকে সুপ্রিম কোর্টকে জানানো হয়, রাশিয়া-ইউক্রেন যুদ্ধে মোট ২১৭ জন ভারতীয় নাম লিখিয়েছেন রুশ সেনাবাহিনীতে। তার মধ্যে ৪৯ জনের মৃত্যু হয়েছে। ৬জন এখনও নিখোঁজ। বাকি থাকা ১৩৯ জনকে দ্রুত দেশে ফেরানোর চেষ্টা চালাচ্ছে ভারতীয় দূতাবাস। এছাড়াও ২৩ জন ভারতীয়র কোনও খোঁজ মেলেনি। অতিরিক্ত সলিসিটর জেনারেল ঐশ্বর্য ভাটি জানান, ৪৮ জনকে ইতিমধ্যেই রাশিয়া থেকে ভারতে ফেরার বিমান টিকিট দেওয়া হয়েছে।
কিন্তু ভারতীয়রা কেন রাশিয়ার সেনাবাহিনীতে যোগ দিচ্ছেন? ঐশ্বর্য জানিয়েছেন, রুশ সেনায় যোগ দেওয়ার জন্য অত্যন্ত লাভজনক প্রস্তাব দিয়েছে মস্কো। ৫ হাজার ডলার বোনাস, আড়াই হাজার ডলার মাসিক বেতনের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। অর্থাৎ ভারতীয় মুদ্রায় মাসে প্রায় ২ লক্ষ টাকা বেতনের প্রস্তাব ছিল। পাশাপাশি সহজে রুশ নাগরিকত্ব, অন্যান্য সুযোগসুবিধা, মৃত্যু হলে বিরাট অঙ্কের ক্ষতিপূরণের প্রস্তাবও ছিল। মূলত আর্থিক লাভ দেখেই চাকরির খোঁজে থাকা ভারতীয়রা যোগ দিয়েছেন রুশ সেনাবাহিনীতে।
গতবছর বিদেশমন্ত্রকের প্রতিমন্ত্রী কীর্তিবর্ধন সিং জানান, সবমিলিয়ে ২০২জন ভারতীয়কে নিয়োগ করা হয়েছিল রুশ সেনাবাহিনীতে। তারমধ্যে ২৬ জন ভারতীয়র মৃত্যু হয়েছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধে। সেই সংখ্যাটা বাড়ল চলতি বছরে। আসলে চার বছর ধরে ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধ চালাচ্ছে রাশিয়া। তার জেরে প্রাণ হারিয়েছেন বহু রুশ সেনা। এহেন পরিস্থিতিতে সেদেশে সেনা বাড়ানোর দিকে জোর দিয়েছেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। সেখানে নিয়োগ করা হচ্ছে ভারতীয়দের। যদিও নয়াদিল্লির অনুরোধে ভারতীয়দের রুশ বাহিনী থেকে মুক্তি দেওয়া হচ্ছে বলেই জানিয়েছে বিদেশমন্ত্রক।