• আশার বাণী হাওয়া অফিসের, তৈরি হচ্ছে ঘূর্ণাবর্ত, ভয়াবহ গরম কাটিয়ে কবে নামবে বৃষ্টি?
    প্রতিদিন | ২৪ মে ২০২৬
  • দিনভর গরম ও অস্বস্তিকর আবহাওয়া। কলকাতা-সহ দক্ষিণবঙ্গে হাঁসফাঁস করা গরম এখনও চলবে। বুধবারের আগে আবহাওয়ার বদল তেমনভাবে হবে না। সেই কথাই আলিপুর আবহাওয়া দপ্তরের থেকে জানানো হয়েছে। উত্তরবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস জারি রয়েছে। দক্ষিণবঙ্গের একাধিক জায়গায় বৃষ্টির সম্ভাবনা বিক্ষিপ্তভাবে বলা হয়েছে হাওয়া অফিসের তরফে।

    আজ, রবিবার সকাল থেকেই কলকাতা ও আশপাশের আকাশে মেঘ জমতে দেখা গিয়েছিল। সঙ্গে ছিল ঠান্ডা হাওয়া। তাহলে কি এবার অপেক্ষার বৃষ্টি নামবে? তবে বেলা বাড়তে সেই মেঘ কেটে যায়। চড়চড় করে রোদ দেখা যায়। সঙ্গে বাড়তে থাকে অস্বস্তি ও ঘাম। এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৯.৯ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস বেশি। সর্বোচ্চ তাপমাত্রা রয়েছে ৩৫.৬ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের থেকে ০.২ ডিগ্রি সেলসিয়াস বেশি। আপেক্ষিক আদ্রতার পরিমাণ অনেকটাই বেশি থাকছে। সেজন্যই এমন ঘাম হচ্ছে বলে খবর।

    তাহলে আবহাওয়ার বদল হবে কবে? হাওয়া অফিস জানাচ্ছে, আগামী ২৭ মে থেকে আবহাওয়ার বদলাবে। বুধবারের পর থেকে বৃষ্টি হবে কলকাতা ও দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। বুধবার থেকে বাড়বে বৃষ্টির পরিমাণ ও ব্যাপকতা। দক্ষিণবঙ্গ জুড়ে ঝড়বৃষ্টির সম্ভাবনা। বজ্রবিদ্যুৎ-সহ ঝড় বৃষ্টি বেশি হবে নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম পূর্ব ও পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম জেলাতে। বৃহস্পতিবার থেকে শনিবার বজ্রবিদ্যুৎসহ ঝড়বৃষ্টি কালবৈশাখীর সম্ভাবনা বজ্রপাতের সম্ভাবনা থাকবে কলকাতা-সহ সব জেলাতে। বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টির সম্ভাবনা।

    উত্তরবঙ্গে ভারী বৃষ্টি হচ্ছে বেশ কয়েক দিন ধরে। আজও ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস থাকছে কোচবিহার ও জলপাইগুড়িতে। অতি ভারী বৃষ্টির সতর্কতা আলিপুরদুয়ার দুয়ার জেলায়। দার্জিলিংয়েও ভারী বৃষ্টি চলবে বলে খবর। বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির সম্ভাবনা উত্তরবঙ্গের সব জেলাতেই থাকছে। তবে আশার বাণী হাওয়া অফিসের। দক্ষিণ বিহার এবং সংলগ্ন এলাকায় ঘূর্ণাবর্ত দেখা দিয়েছে। ওই ঘূর্ণাবর্ত থেকে অন্ধপ্রদেশ উপকূল পর্যন্ত একটি অক্ষরেখা বিস্তৃত।
  • Link to this news (প্রতিদিন)