• ভোররাতে দাউদাউ করে আগুন, মুহূর্তের মধ্যে পুড়ে সম্পূর্ণ ছাই উপার্জনের 'ভরসা'
    News18 বাংলা | ২৪ মে ২০২৬
  • আগুনে পুড়ে ছাই হয়ে গেল টোটো। চাঞ্চল্য হিঙ্গলগঞ্জের দুলদুলিতে। উত্তর ২৪ পরগণার হিঙ্গলগঞ্জ ব্লকের দুলদুলি গ্রাম পঞ্চায়েতের ১৬০ নম্বর বুথ এলাকায় গভীর রাতে একটি টোটোতে আগুন লাগার ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। স্থানীয় বাসিন্দা স্বপন বাড়াইয়ের টোটোটি মুহূর্তের মধ্যে পুড়ে সম্পূর্ণ ছাই হয়ে যায় বলে জানা গিয়েছে।

    ঘটনার পর এলাকায় আতঙ্কের পরিবেশ তৈরি হয়। ভোররাতে আগুন দেখতে পেয়ে স্থানীয়রা ছুটে এসে আগুন নেভানোর চেষ্টা করেন। তবে তার আগেই টোটো সহ ঘরটির বেশিরভাগ অংশ পুড়ে যায়। খবর পেয়ে হিঙ্গলগঞ্জ থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি খতিয়ে দেখে। ক্ষতিগ্রস্ত স্বপন বাড়াই জানান, রাতে বাড়ির সামনে টোটোটি রাখা ছিল। হঠাৎ আগুন দেখতে পেয়ে পরিবারের সদস্যরা বাইরে বেরিয়ে আসেন।

    আগুনের তীব্রতায় টোটোটি সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যায়। ঘটনাটি জানাজানি হতেই এলাকায় ভিড় জমে যায়। বহু মানুষ ঘটনাস্থলে এসে ক্ষতিগ্রস্ত টোটোটি দেখতে থাকেন। স্থানীয় বাসিন্দাদের দাবি, কোনও প্রতিহংসার জেরে  টোটোটি সহ বাড়িটি আগুনে পুড়িয়ে দেওয়া হয়েছে।  ফলে এই ঘটনাকে কেন্দ্র করে সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। অনেকেই রাতের নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করার দাবি তুলেছেন।

    ঘটনার কারণ নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। এটি দুর্ঘটনা নাকি পরিকল্পিতভাবে আগুন লাগানো হয়েছে, তা খতিয়ে দেখছে পুলিশ। এলাকাবাসীর একাংশের দাবি, রাতের অন্ধকারে এমন ঘটনায় নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়ছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, আগুন লাগার সঠিক কারণ জানতে তদন্ত শুরু হয়েছে। আশপাশের বাসিন্দাদের সঙ্গেও কথা বলা হচ্ছে। প্রয়োজনে ঘটনাস্থলের আশেপাশের বিভিন্ন তথ্য সংগ্রহ করে পুরো বিষয়টি খতিয়ে দেখা হবে বলে জানিয়েছে পুলিশ প্রশাসন।
  • Link to this news (News18 বাংলা)