পালালেন পুষ্পা, প্রতিরোধ গড়লেন শম্ভুনাথ! পালাবদলের পর প্রথম নির্বাচনেই দ্বিতীয়, ফলতার ফলে আশার আলো সিপিএমে
News18 বাংলা | ২৪ মে ২০২৬
পালাবদলের বাংলায় দ্বিতীয় স্থানে উঠে এল সিপিএম। বিধানসভা পুনর্নির্বাচনের ফল আজ রবিবার। গত ২১ মে ভোটগ্রহণ হয় ফলতায়। ভোটের আগেই কার্যত হাল ছেড়ে দিয়েছিল তৃণমূল। ফলতার ধারেকাছে দেখা যায়নি এলাকার সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে৷ ভোটের দিন বাড়িতে তালা ঝুলছিল তৃণমূল প্রার্থী ‘পুষ্পা’ জাহাঙ্গির খানের৷ ফলাফলেও দেখা গেল সেই ছবি৷ বরং তৃণমূলকে চতুর্থ স্থানে রেখে দ্বিতীয় স্থানে উঠে এল বাম।
২২ রাউন্ড শেষ (ফাইনাল রাউন্ড)
বিজেপি – ১ লক্ষ ৪৯ হাজার ৬৬৬
জয়ের ব্যবধান – ১ লক্ষ ৯ হাজার ২১ ভোট
সিপিআইএম – ৪০ হাজার ৬৪৫
কংগ্রেস – ১০ হাজার 84
তৃণমূল – ৭৭৮৩
১৯ রাউন্ডের গণনা শেষে ফলতায় বিজেপি প্রার্থীর প্রাপ্ত ভোট ১ লক্ষ ৩৭ হাজার ৪৭৩। ৩৮২৬৫ ভোট পেয়ে দ্বিতীয় স্থানে সিপিএম। এ ছাড়া, কংগ্রেস ৯৭৫৮ এবং তৃণমূল ৫৯১৪টি ভোট পেয়েছে। তবে কি তৃণমূলের ভাঙন থেকেই নিজেদের হারিয়ে যাওয়া জমি ফিরে পেতে শুরু করেছে বামেরা?
ফলতা বিধানসভার উপনির্বাচনের কাউন্টিং শুরুর আগে এদিন সকাল থেকেই কড়া নিরাপত্তার ঘেরাটোপে ছিল ডায়মন্ড হারবার মহিলা বিশ্ববিদ্যালয়। ২১ মে-র ভোটে বেনজির অশান্তি আর কারচুপির অভিযোগ ওঠে দক্ষিণ ২৪ পরগনার এই হাইপ্রোফাইল কেন্দ্রে। তার পুনরাবৃত্তি রুখতে কড়া নিরাপত্তায় গত বৃহস্পতিবার ভোটগ্রহণ করেছে নির্বাচন কমিশন। এই নির্বাচন ঘিরে নাটকীয়তা অন্য মাত্রা পায় ভোটের প্রচারের শেষদিনে স্বঘোষিত ‘পুষ্পা’ তথা তৃণমূলের চর্চিত প্রার্থী জাহাঙ্গির খানের ভোটের লড়াই থেকে সরে দাঁড়ানোর ঘোষণায়। যদিও মনোনয়ন তুলে নেওয়ার নির্ধারিত সময়ের অনেক পরে তিনি সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেওয়ায় ব্যালটে তৃণমূলের প্রার্থী হিসেবে নাম ছিল তাঁরই।
২০২১ সালের বিধানসভা নির্বাচনে ‘শূন্য’ হয়ে গিয়েছিল বামেরা। ২০২৬ সালের এই বিধানসভা নির্বাচনে মুর্শিদাবাদের ডোমকলে মোস্তাফিজুর রহমানের জয় বামেদের ‘শূন্যের গেরো’ কেটেছে। আজ ফলতার ফল স্পষ্ট করে দিল দ্বিতীয় শক্তি হিসাবেই মাথা তুলে দাঁড়াচ্ছে বামেরা। এই পর্যবেক্ষণ রাজনীতির কারবারিদের কাছে বেশ গুরুত্বপূর্ণই বটে।