ইস্তফা দিলেন গারুলিয়া পুরসভার ১১ জন তৃণমূল কাউন্সিলর
News18 বাংলা | ২৪ মে ২০২৬
কাঁচরাপাড়া, হালিশহর, ভাটপাড়ার পর এবার গারুলিয়া। ব্যারাকপুর শিল্পাঞ্চলে তৃণমূল পরিচালিত পুরসভাগুলিতে গণ ইস্তফার ছবি। গারুলিয়া পুরসভায় গণ-ইস্তফা ঘোষণা করলেন পৌর প্রধান-সহ কাউন্সিলররা। শনিবার ১১ জন কাউন্সিলর গণ-ইস্তফা দিয়েছেন। মোট ২১টি ওয়ার্ডের গারুলিয়া পুরসভায় এখনও ১০ জন কাউন্সিলর পদে রয়েছেন। পৌরপ্রধান রমেন দাসের দাবি, কয়েকজন কাউন্সিলর বাইরে রয়েছেন, তাঁদেরও জানানো হয়েছে। আগামী সোমবারের মধ্যেই আরও ৮ জন- সহ তিনি নিজেও চেয়ারম্যান পদ থেকে ইস্তফা দেবেন বলে জানিয়েছেন। ফলে গারুলিয়া পুরসভার রাজনৈতিক সমীকরণে বর্তমানে বড়সড় টানাপোড়েন তৈরি হয়েছে।
পদত্যাগের তালিকায় পুরসভায় একজন ফরওয়ার্ড ব্লক এবং একজন নির্দল কাউন্সিলরও রয়েছেন। বাকি তৃণমূলের কাউন্সিলরদের একাংশ ইতিমধ্যেই পদত্যাগ করায় প্রশাসনিক কাজকর্ম নিয়েও অনিশ্চয়তা তৈরি হয়েছে। শনিবার তৃণমূলের যে ৯ জন ইস্তফা দিলেন তারা সকলেই উপ-পুরপ্রধানের নেতৃত্বে ইস্তফা দিতে গিয়েছেন বলে দাবি পৌর প্রধানের। এদিন উপ-পৌরপ্রধান অশোক সিং (১৭ নম্বর ওয়ার্ড), গৌতম বোস (৫ নম্বর ওয়ার্ড), তাপস বিশ্বাস (১ নম্বর ওয়ার্ড), চৈতালি সেন (১১ নম্বর ওয়ার্ড), অর্চনা চৌধুরী (১৫ নম্বর ওয়ার্ড), দুর্গাবতী চৌধুরী (৮ নম্বর ওয়ার্ড), সুপ্রিয়া খাতুন (৭ নম্বর ওয়ার্ড), সীমা পাল (২ নম্বর ওয়ার্ড)-সহ অন্যান্যরা ইস্তফা পত্র দেন। এই পরিস্থিতিতে পুরসভায় প্রশাসনিক সঙ্কট আরও গভীর হতে যাচ্ছে বলেই মনে করা হচ্ছে। যদিও বিরোধীদের দাবি, রাজনৈতিক চাপ ও অস্থিরতার জেরেই এই গণইস্তফার পরিস্থিতি তৈরি হয়েছে। পুরো ঘটনার দিকে নজর রয়েছে জেলা প্রশাসন ও রাজ্য রাজনৈতিক মহল।
আরও পড়ুন: ভোররাতে দাউদাউ করে আগুন, মুহূর্তের মধ্যে পুড়ে সম্পূর্ণ ছাই উপার্জনের অন্যতম ভরসা! প্রতিহিংসার ছায়া দেখছেন স্থানীয়রা
আরও পড়ুন: ব্যাপক ধরপাকড় রেলের…! বিনা টিকিটের যাত্রী ধরে দুই দিনে ‘এই’ রুটে ধরা পড়ল ১,৩৪৭ যাত্রী, ফাইন হিসেবে আদায় হল লাখ লাখ টাকা
সম্প্রতি কাঁচরাপাড়া পুরসভায় একযোগে ইস্তফা দেন ১৫ জন কাউন্সিলর। এর পর ব্যারাকপুর প্রশাসনিক ভবনে হালিশহর পুরসভার ১৬ জন কাউন্সিলরের গণইস্তফাকে ঘিরে ব্যাপক রাজনৈতিক চাঞ্চল্য তৈরি হয়। এবার উত্তর ২৪ পরগনা জেলার গারুলিয়া পুরসভায় ১১ জন কাউন্সিলরের গণ ইস্তফা, মোট ২১ জন কাউন্সিলরের মধ্যে আর ১০ জন কাউন্সিলর বাকি রয়েছেন ইস্তফা দিতে।