• জিতেছে ছেলে..রাস্তার ধারে পথ চেয়ে বসে বাবা! বললেন, ‘আমি আগেই অনুভব করতাম..’, ফলতার আকাশে গেরুয়া আবির
    News18 বাংলা | ২৪ মে ২০২৬
  • ফলতা বিধানসভা কেন্দ্রে ১,০৮,৭৯৬ ভোটের বিশাল ব্যবধানে ঐতিহাসিক জয় পেলেন বিজেপির প্রার্থী দেবাংশু পান্ডা। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ‘ডায়মন্ড হারবার মডেল’-এর গড়ে শুধু হারই নয়, জামানত জব্দ হল তৃণমূল কংগ্রেসের। চার নম্বরে শেষ করল টিএমসি। কমিশনের ওয়েবসাইট অনুযায়ী ২২/২২ রাউন্ড গণনা শেষে চূড়ান্ত ফল ঘোষণা হতেই ফলতাজুড়ে শুরু হয়েছে বিজয় উৎসব। জায়গায় জায়গায় চলছে আবির খেলা, পুড়ছে আতসবাজি।

    এদিন ছেলের জয়ের পরে বিজয় মিছিলের পথ চেয়ে রাস্তার ধারে চেয়ার নিয়ে বসে ছিলেন জয়ী প্রার্থী দেবাংশু পান্ডার বাবা রুদ্রাংশু পান্ডা। ছেলেকে আশীর্বাদ করার জন্যই তাঁর এই অপেক্ষা। জানালেন, “ছেলে বড় কিছু হবে, তা আমি আগেই অনুভব করতাম। আজ ও জিতেছে। ওকে আশীর্বাদ করে বাড়ি যাব। একটাই কথা বলব, ফলতাবাসীর জন্য ভাল কাজ করুক। মানুষের পাশে থাকুক।”

    এদিকে তার ঠিক উল্টো ছবি ধরা পড়ল তৃণমূল প্রার্থী জাহাঙ্গির খানের বাড়িতে। নিজেকে যিনি ‘পুষ্পা’ বলতেন, সেই পুষ্পার বাড়িতে এখন শ্মশানের নিস্তব্ধতা। দরজায় তালা ঝুলছে। বাড়িতে কেউ নেই। যে গলি একসময় ‘জাহাঙ্গিরের গলি’ নামে পরিচিত ছিল, সেই এলাকা ধরে হাঁটলেও শোনা যাচ্ছে না কোনও সাড়াশব্দ।

    ব্যবধান: ১,০৮,৭৯৬ ভোটে জয়ী দেবাংশু পান্ডা।

    জামানতের হিসেব: মোট বৈধ ভোট ২,১০,১৮৭। এর ১/৬ অংশ অর্থাৎ ৩৫,০৩১ ভোট। তৃণমূল পেয়েছে মাত্র ৭,৭৮৩ ভোট। ফলে নিয়ম অনুযায়ী জামানত জব্দ হল ‘পুষ্পা’র।

    অন্যদিকে, ফলতায় বিজেপি বিরাট জয়ের পরে সোশ্যাল মিডিয়ায় দীর্ঘ পোস্ট করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী৷ সেখানে তাঁর বেনজির কটাক্ষ, ‘কুখ্যাত ‘ডায়মন্ড হারবার’ মডেল পরিণত হলো ‘তৃণমূলের হার-বার’ মডেলে !!!’

    এদিন অভিষেক বন্দ্যেপাধ্যায়ের নাম না করেও তাঁর দীর্ঘ পোস্ট তীব্র সমালোচনা করেন শুভেন্দু৷ লেখেন, ‘প্যারাসুটে নেমে সেনাপতি আখ্যা পাওয়া এক জালিয়াত, এমন কোনো অপরাধ নেই যা সংগঠিত করেনি। নিজের অপরাধ সিন্ডিকেটকে প্রতিষ্ঠিত করতে গণতন্ত্রের কণ্ঠরোধ করতেও কোনো কসুর করেনি এই ‘বাঘের ছাল পরিহিত বেড়াল’। ফলস্বরূপ, বিগত নির্বাচনকে পরিহাসে পরিণত করে এই বিধানসভা ক্ষেত্রে দেড় লাখ ভোটের লিড নিয়েছিল তৃণমূল। ১৫ বছর পরে যখন মানুষ নিজের ভোট নিজে দেওয়ার স্বাধীনতা ফিরে পেলেন, তখন আসল বাস্তব প্রকাশিত হল’।

    সব শেষে শুভেন্দু অধিকারীর হুঁশিয়ারি, ‘এ তো সবে শুরু, প্রত্যাখ্যানের দীর্ঘ যাত্রা এবার অতিক্রম করতে হবে’।
  • Link to this news (News18 বাংলা)