• শরীরে আঘাতের চিহ্ন, দক্ষিণ আফ্রিকার ক্রুগার ন্যাশনাল পার্কের ভিতরে দুই পর্যটকের রক্তাক্ত দেহ উদ্ধার
    এই সময় | ২৪ মে ২০২৬
  • দক্ষিণ আফ্রিকার বৃহত্তম অভয়ারণ্য ক্রুগার ন্যাশনাল পার্কে রক্তারক্তি কাণ্ড। পার্কের ভিতরে দুই পর্যটকের দেহ উদ্ধার। দুই পর্যটকের সঠিক পরিচয় সম্বন্ধে আনুষ্ঠানিক ভাবে কিছু জানানো হয়নি। তদন্ত শুরু করেছে পুলিশ।

    পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই দুই পর্যটক একটি সবুজ রঙের ‘ফোর্ড রেঞ্জার’ (Ford Ranger) ক্যাবে করে পার্কে প্রবেশ করেছিলেন। শেষ বার তাঁদের গত ২০ মে পাফুরি পিকনিক সাইট এলাকায় দেখা যায়। পরে তাঁরা নির্ধারিত ক্যাম্পে ফিরে না আসায় তল্লাশি অভিযান শুরু হয়।

    শুক্রবার বিকেলে লেভুবু ও লিম্পোপো নদীর সংযোগস্থলের কাছে নদীর জলে ভাসমান অবস্থায় দুই পর্যটকের দেহ উদ্ধার হয়। পুলিশ জানিয়েছে, দুই পর্যটকের মধ্যে একজনের শরীরের উপরের অংশে একাধিক ছুরির আঘাতের চিহ্ন ছিল। দ্বিতীয় পর্যটকের শরীরেও গুরুতর আঘাতের প্রমাণ মিলেছে।

    দক্ষিণ আফ্রিকার পুলিশ, জরুরি পরিষেবা কর্মী, SANParks কর্তৃপক্ষ এবং সীমান্ত ব্যবস্থাপনা সংস্থার সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছেন। সন্দেহভাজনদের খুঁজতে বড়সড় অভিযান চালানো হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

    ঘটনার পর থেকেই পর্যটকদের ব্যবহৃত ওই গাড়িটিও বেপাত্তা। ফলে পুলিশ খুনের পাশাপাশি গাড়ি ছিনতাইয়ের মামলাও রুজু করেছে। স্থানীয় সংবাদমাধ্যমের দাবি, এটি সম্ভবত ক্রুগার ন্যাশনাল পার্কের শতবর্ষের ইতিহাসে প্রথম এমন হত্যাকাণ্ড। ঘটনায় দক্ষিণ আফ্রিকার পর্যটন শিল্পেও উদ্বেগ তৈরি হয়েছে।

  • Link to this news (এই সময়)