• ফলতার পরে এ বার নন্দীগ্রাম, ব্যবধান বাড়ানোর টার্গেট! কী বললেন শুভেন্দু?
    এই সময় | ২৪ মে ২০২৬
  • ২০২১ সালের ব্যবধান ছিল ১,৯৫৬। ২৬-এর নির্বাচনে সেই ব্যবধান হলো ৯, ৬৬৫টি ভোট। নন্দীগ্রামে হ্যাটট্রিক করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। পাশাপাশি পূর্ব মেদিনীপুর

    জেলার ১৬টি আসনেই জয় পেয়েছেন বিজেপি প্রার্থীরা। ভোটের হার ৫৬ শতাংশ। রবিবার নন্দীগ্রামে সংবর্ধনা সভায় শুভেন্দু কর্মী, সমর্থদের বললেন, ‘আমি যা কথা দিয়েছি, সব কথা অক্ষরে অক্ষরে এখন করার দায়িত্ব আমার।’ নন্দীগ্রাম ছেড়ে ভবানীপুর আসনের বিধায়ক হিসেবে শপথ নিলেও শুভেন্দুর আশ্বাস, এই মাটির সঙ্গে তিনি ‘ছিলেন, আছেন, থাকবেন।’

    মুখ্যমন্ত্রী হওয়ার পরে এই প্রথম নন্দীগ্রামে কোনও সভায় উপস্থিত ছিলেন শুভেন্দু। মুখ্যমন্ত্রীকে শুভেচ্ছা জানাতে ছিল উপচে পড়া ভিড়। তিনি এই আসন ছেড়ে দিলেও সাধারণ জনগণ থেকে শুরু করে কর্মী-সমর্থকদের আশ্বাস দেন শুভেন্দু। তাঁর কথায়, ‘সংবিধানের নিয়ম মেনে একটা আসন রেখে ভবানীপুর রেখে আমাকে নন্দীগ্রাম ছাড়তে হয়েছে। একদম ভাববেন না। একদম দূরত্ব তৈরি করবেন না। শুভেন্দু আপনাদের সঙ্গে ছিল, আপনাদের সঙ্গে থাকবে।’

    শুভেন্দু এই আসন ছেড়ে দেওয়ার কারণে নন্দীগ্রামে উপনির্বাচন হবে। এ দিন উপনির্বাচনের কমিটি গঠন করে দিয়ে যান তিনি। কাঁথির সাংসদ সৌমেন্দু অধিকারীর নেতৃত্বে পাঁচ সদস্যের কমিটি গঠন করা হয়। জেলার নবনির্বাচিত বিধায়করা রয়েছেন সেই কমিটিতে।

    রবিবারই ফলতার পুনর্নির্বাচনের ফলাফল প্রকাশিত হয়েছে। ১ লক্ষের বেশি ব্যবধানে এই আসন থেকে জয় পেয়েছে বিজেপি। সেই একই ব্যবধানে এ বার নন্দীগ্রাম থেকে বিজেপির প্রার্থী উপনির্বাচনে জিতবেন বলে আশা প্রকাশ করেন শুভেন্দু। যদিও কাকে এই উপনির্বাচনে প্রার্থী করা হবে, সে ব্যাপারে কিছু জানানো হয়নি।

  • Link to this news (এই সময়)