• জমি কেনার টাকা দিয়ে ঠকেছেন পুলিশ আধিকারিক, ‘সরাসরি শঙ্কর’-এ হাজির ASI
    এই সময় | ২৫ মে ২০২৬
  • জমি কেনার টাকা দিয়ে ঠকেছেন এক মহিলা পুলিশ আধিকারিক বলে অভিযোগ। বিগত সরকারের আমলে হয়নি সুরাহা। সরকার পরিবর্তন হতেই এ বার শিলিগুড়ির বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষের দ্বারস্থ হলেন নন্দিতা মজুমদার নামে ওই অ্যাসিস্ট্যান্ট সাব-ইন্সপেক্টর (ASI)।

    ওই মহিলার দাবি, কয়েক বছর আগে ২৯ নম্বর ওয়ার্ডের এক ব্যক্তিকে তিনি সাড়ে পাঁচ লক্ষ টাকা দিয়েছিলেন। পরবর্তীতে জমি পছন্দ না হওয়ায় তিনি টাকা ফেরত চান। প্রথমে টালবাহানা করা হলেও পরবর্তীতে তিনটি চেক দেওয়া হয় নন্দিতাকে। কিন্তু সেই চেকগুলি ব্যাঙ্কে জমা দিলে সবগুলি বাউন্স হয় বলে দাবি ওই মহিলার।

    এ দিন শিলিগুড়ি বাঘাযতীন পার্কে ‘সরাসরি শঙ্কর’ অনুষ্ঠান হাজির ছিলেন বিধায়ক। সেখানে শিলিগুড়ি কোচবিহার, মালদা-সহ উত্তরবঙ্গের বিভিন্ন জায়গা থেকে লোকজন অভিযোগ জানাতে আসেন। চাকরির ক্ষেত্রে সমস্যা, নিয়োগ না পাওয়া, জমি দুর্নীতি ছাড়াও পার্কিং, আবর্জনা সাফাই-সহ বিভিন্ন অভিযোগ জানানো হয় শঙ্করকে। এ দিন প্রায় দেড়শো জন বিভিন্ন সমস্যা নিয়ে শিলিগুড়ির বিধায়কের কাছে এসেছিলেন।

    বিধায়ক জানান, আগামীতে নিয়ম করে এই ধরনের কর্মসূচি করবেন তিনি। বিজেপি বিধায়কের বক্তব্য, ‘মানুষের অভাব অভিযোগ শুনতেই হবে। সেই কারণে এই ধরনের কর্মসূচি করব আমি। কিছুদিনের মধ্যেই এই বিষয়ে ভালো করে পরিকল্পনা মত সিডিউল সাজানো হবে। এছাড়াও মানুষের সুবিধার জন্য হোয়াটসঅ্যাপ নাম্বার এবং একটি ওয়েবসাইট চালু করা হবে।’

    দুর্নীতি ও মানুষের অভিযোগ প্রসঙ্গে তিনি জানান, ১৫ বছরে প্রচুর দুর্নীতির জঞ্জালে ভরে গিয়েছে এই রাজ্য। চাইলেই সেটা ১৫ দিনে পরিষ্কার হবে না। তবে মানুষের সমস্যাগুলো শুনে সেই গুলো সমাধানের চেষ্টা করা হবে।

  • Link to this news (এই সময়)