• ঘরের মাঠে কৃতজ্ঞতা জ্ঞাপন মুখ্যমন্ত্রীর!
    আজকাল | ২৫ মে ২০২৬
  • আজকাল ওয়েবডেস্ক: মুখ্যমন্ত্রী হওয়ার পর প্রথমবার নন্দীগ্রামে প্রকাশ্যে ধন্যবাদ জ্ঞাপন সভা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। রবিবার নন্দীগ্রাম কলেজ মাঠে আয়োজিত সভা থেকে তিনি একদিকে যেমন নন্দীগ্রামবাসীকে ধন্যবাদ জানান, অন্যদিকে এলাকার উন্নয়ন ও মানুষের পাশে থাকার আশ্বাসও দেন।

    সভা থেকে শুভেন্দু অধিকারী বলেন, “বদল যেমন হয়েছে, বদলাও হবে। তবে সেই বদলা হবে আইনি পদ্ধতিতে।” পাশাপাশি তিনি সকলকে আইন নিজের হাতে তুলে না নেওয়ার পরামর্শ দেন।

    তিনি বলেন, “এই নন্দীগ্রাম বাংলার পরিবর্তনের পথ দেখিয়েছে। নন্দীগ্রামবাসী আমাকে দু’দুবার জয়ের শিখরে পৌঁছে দিয়েছে। তার জন্য আমি নন্দীগ্রামবাসীকে ধন্যবাদ, কৃতজ্ঞতা ও প্রণাম জানাই।” একইসঙ্গে ভূমি আন্দোলনের শহীদ পরিবারগুলির প্রতিও শ্রদ্ধা জানান মুখ্যমন্ত্রী।

    শুভেন্দু অধিকারী আরও বলেন, সংবিধানের নিয়ম মেনে তাঁকে বিধায়ক পদ ছাড়তে হয়েছে। তাই ভবানীপুর থেকে বিধায়ক হিসেবে শপথ নিলেও নন্দীগ্রাম তাঁর হৃদয়ে রয়েছে। তিনি স্পষ্ট জানান, নন্দীগ্রামের উন্নয়নে কোনও খামতি রাখা হবে না।

    মুখ্যমন্ত্রী বলেন, কেন্দ্রীয় প্রকল্পের সমস্ত সুযোগ-সুবিধা যেমন নন্দীগ্রামবাসী পাবেন, তেমনই ভোটের সময় দেওয়া প্রতিশ্রুতিগুলিও পূরণ করা হবে।

    এদিন নন্দীগ্রামের উপনির্বাচনকে সামনে রেখে একটি পাঁচ সদস্যের কমিটিও গঠন করেন শুভেন্দু অধিকারী। কমিটির দায়িত্বে থাকবেন কাঁথির সাংসদ সৌমেন্দু অধিকারী।

    পাশাপাশি পাঁচটি মণ্ডলের দেখভালের জন্য দায়িত্ব দেওয়া হয়েছে পটাশপুরের বিধায়ক তপন মাইতি, দক্ষিণ কাঁথির বিধায়ক অরূপ দাস, ভগবানপুর এর বিধায়ক শান্তনু প্রামাণিক, রামনগরের বিধায়ক চন্দ্রশেখর মণ্ডল এবং খেজুরির বিধায়ক সুব্রত পাইককে। তাঁদের সহযোগিতা করবেন প্রলয় পাল ও মেঘনাদ পাল।
  • Link to this news (আজকাল)