'যেমন ছিলাম, সেরকমই থাকব, কোনও বদল হবে না!' নন্দীগ্রামে গিয়ে বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু
News18 বাংলা | ২৫ মে ২০২৬
মুখ্যমন্ত্রী হলেও তাঁর মধ্যে কোনও বদল আসবে না৷ রবিবার নন্দীগ্রামে সংবর্ধনা অনুষ্ঠানে হাজির হয়ে এমনই দাবি করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী৷
রবিবার নন্দীগ্রামে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে স্থানীয় বিজেপি নেতৃত্বের পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হয়৷ এবারের বিধানসভা নির্বাচনে ভবানীপুরের পাশাপাশি নন্দীগ্রাম থেকেও জয়ী হন শুভেন্দু অধিকারী৷ যদিও নন্দীগ্রামের বিধায়ক পদ থেকে ইস্তফা দিয়েছেন মুখ্যমন্ত্রী৷ তবে এ দিনও শুভেন্দু দাবি করেছেন, বিধায়ক পদ ছাড়লেও নন্দীগ্রামবাসীর পাশেই থাকবেন তিনি৷
এ দিনের সংবর্ধনা মঞ্চ থেকে নন্দীগ্রামে জমি আন্দোলনের শহিদদেরও স্মরণ করেন শুভেন্দু অধিকারী৷ তাঁকে ভোটে জেতানোর জন্য নন্দীগ্রামবাসীর প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন মুখ্যমন্ত্রী৷ শুভেন্দু অধিকারী বলেন, ‘একটা আসন ছাড়তে হয়, তাই ছেড়েছি। কিন্তু আমি আগের মতোই আপনাদের সঙ্গে থাকব। একদমই দুরত্ব তৈরি করবেন না৷ মানুষ যা চায় তাই হবে৷ আপনাদের শুভেন্দু আপনাদের সঙ্গে ছিল, আছে, ভবিষ্যতেও থাকবে৷’
নন্দীগ্রামের যে সরকারি প্রকল্পগুলি আটকে আছে, সেই কাজ দ্রুত শুরু করারও আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী৷ নন্দীগ্রামবাসীর উদ্দেশে শুভেন্দুর বার্তা, “গত নির্বাচন প্রচার চলাকালীন যে যে কথা দিয়েছিলাম, সব কথা পূরণ করার দায়িত্ব আমার৷ আমার কোনও পরিবর্তন দেখতে পাবেন না। আগেও যা দেখেছেন, এখন যেমনটা দেখছেন, আগামী দিনেও সেই একই রকম ভাবে আমাকে দেখবেন।”
এ দিনই ফলতার নির্বাচনে লক্ষাধিক ভোটে জয় পেয়েছে বিজেপি৷ নন্দীগ্রামের উপনির্বাচনেও ফলতার মতো ব্যবধানেই বিজেপি প্রার্থীকে জেতানোর আহ্বান জানান শুভেন্দু৷ মুখ্যমন্ত্রী বলেন, ‘ফলতায় আজকে ভোটের ফল বেরিয়েছে৷ নন্দীগ্রামেও আপনারা একই রকম ফল করে দেখাবেন তো?’ নন্দীগ্রামের সভা শেষ করার পর সন্ধ্যায় হলদিয়ায় প্রশাসনিক বৈঠকে যোগ দেন মুখ্যমন্ত্রী৷