• 'আমরা সবটাই জানি...', মেলোনিকে 'মেলোডি' দেওয়া নিয়ে মোদীকে কী বললেন মমতা?
    আজ তক | ২৫ মে ২০২৬
  • আজ ফলতা বিধানসভা নির্বাচনের ফল ঘোষণা হয়েছে।  তৃণমূলের একদা ‘দুর্গ’ হিসেবে পরিচিত ফলতা বিধানসভা কেন্দ্রের পুনর্নির্বাচনে তৈরি হলো নজিরবিহীন রাজনৈতিক ইতিহাস। ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের অন্তর্গত এই আসনে তথাকথিত 'ডায়মন্ড হারবার মডেল'-কে কার্যত খড়কুটোর মতো উড়িয়ে দিয়ে জয় পেলেন  বিজেপি প্রার্থী দেবাংশু পাণ্ডা। আর এদিনই  ফেসবুক লাইভে এসে  বিজেপি সরকারের বিরুদ্ধে একগুচ্ছ অভিযোগ তুলে ধরলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা দাবি করেন, ২২০ থেকে ২৩০টা আসন পাওয়ার কথা ছিল তৃণমূলের, কিন্তু পাশা উল্টে দেওয়া হয়েছে। এদিন বিজেপিকে আক্রমণ করতে দিয়ে প্রধানমন্ত্রী মোদীর বিদেশ সফর ও মেলোডি টফির প্রসঙ্গও টেনে আনেন মমতা।

    ফেসবুক লাইভে এসে প্রধানমন্ত্রী মোদীকে নিশানা করে মমতা বলেন, 'বিদেশে ঘুরে বেড়াচ্ছেন, জ্বালানি খরচ হচ্ছে না। মানুষ কাঁদছে, দেশের অর্থনীতি ঝুঁকছে,  আর তিনি ইতালির প্রধানমন্ত্রীকে চকোলেট দিচ্ছেন। চকোলেট বাচ্চাদের দিতে পারতেন, অবশ্য আপনি এসব ভালবাসেন। আমরা সবটাই জানি, কোনওদিন পার্সোনাল বিষয়ে যাইনি, তাই পার্সোনাল অ্যাটাক করিনি, কারণ এটি রাজনৈতিক সৌজন্য নয়।'


    প্রসঙ্গত, ইতালি সফরে গিয়ে সেখানকার প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনিকে এক প্যাকেট মেলোডি চকোলেট উপহার দেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।  সেটা ভিডিও করে জানান স্বয়ং মেলোনি। এরপরেই দুই রাষ্ট্রপ্রধানের এমন শিশু সুলভ খুনসুটিতে মজে নেটিজেনরা। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। হইচইও ফেলেছে। যা নিয়ে এবার প্রতিক্রিয়া দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।

    ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, পাশাপাশি দাঁড়িয়ে রয়েছেন মোদী এবং মেলোনি। একটি মেলোডি চকোলেটের প্যাকেট ধরে রেখেছেন দু’জনে। দু’জনেই হাসছেন। ভিডিয়োয় মেলোনিকে বলতে শোনা যায়, ‘প্রধানমন্ত্রী মোদী উপহার হিসাবে এনেছেন একটি খুব, খুব ভাল টফি— মেলোডি।’ এর পর দু’জনেই আবার হেসে ওঠেন। সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে। ভিডিয়োটি পোস্ট করা হয়েছে মেলোনিরই এক্স হ্যান্ডল থেকে। ভিডিয়োটি শেয়ার করে মোদীর উদ্দেশে মেলোনি লিখেছেন, ‘উপহারটির জন্য ধন্যবাদ।’ ইতিমধ্যেই বহু মানুষ দেখেছেন সেই ভিডিয়ো। লাইক এবং কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। ভিডিয়োটি দেখার পর নেটাগরিকদের অনেকেই যেমন মজার মজার মন্তব্য করেছেন, তেমনই দুই দেশের প্রধানের ওই রকম শিশুসুলভ আচরণের প্রশংসা করেছেন অনেকে। নেটাগরিকদের একাংশ মন্তব্য করেছেন, আক্ষরিক অর্থেই এর চেয়ে মিষ্টি আর কিছু হতে পারে না। এদিন সেই প্রসঙ্গ টেনে মোদীকে নিশানা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। 

    রাজ্যে  নির্বাচনী ফলাফল নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য, আপনারা ভোট লুঠ করেছেন। আমাদের দু থেকে আড়াই হাজার কর্মীকে গ্রেফতার করেছেন, হকারদের জীবন-জীবিকা কেড়ে নিয়েছেন। পার্টি অফিস ভেঙে দিয়েছেন। ইভিএমের মেশিনের রিপোর্ট চাই আমাদের। উপরওয়ালা দেখছে। আপনি বাংলাকে লুঠ করেছেন। আপনার দিল্লি চলে যাবে। আইন সবার জন্য এক। আপনারা সত্যি জিতলে অত্যাচার করতেন না। আমার অস্ত্র আমার ফেসবুক। আমি এখন কোনও মিডিয়ায় কথা বলব না। আগামিদিনে কিছু বলার থাকলে ফেসবুক লাইভেই বলব।
  • Link to this news (আজ তক)