এই প্রথম ২৯ দিনের মধ্যে বিচার! শিশু ধর্ষণ মামলায় দোষীকে মৃত্যুদণ্ড বাংলাদেশ আদালতের
প্রতিদিন | ২৫ মে ২০২৬
২৯ কর্মদিবসের মধ্যে শিশু ধর্ষণে দোষী সাব্যস্ত যুবককে মৃত্যুদণ্ডের সাজা শোনাল আদালত। এত কম সময়ে ধর্ষণ মামলায় রায় ঘোষণা দেশের মধ্যে এটাই প্রথম। পশ্চিমের জেলা মেহেরপুরের গাংনী উপজেলার চাঁদপুর গ্রামে ৯ বছর বয়সি শিশুকে ধর্ষণের অভিযোগে শাকিল হোসেনকে মৃত্যুদণ্ডের সাজা শুনিয়েছে আদালত। আজ রবিবার দুপুরে মেহেরপুর শিশু সহিংসতা দমন ট্রাইবুনালের বিচারক তাজুল ইসলাম এই সাজা ঘোষণা করেন। এই সাজা ঘোষণার আবহে জানা গিয়েছে, ঢাকায় বহুল আলোচিত ৭ বছরের শিশুকে ধর্ষণ-খুনের ঘটনায় আগামী ১ সপ্তাহের মধ্যে রায় ঘোষণা করা হতে পারে।
জানা গিয়েছে, ২০২৫ সালের ১৬ জুন সকালে ৯ বছরের ওই শিশু বাবার জন্য সকালের খাবার নিয়ে মাঠে যাচ্ছিল। এ সময় শাকিল ওই শিশুকে একা পেয়ে ধর্ষণ করে। শাকিলের হাত থেকে ছাড়া পেয়ে কান্নাকাটি করতে করতে বাবার কাছে পৌঁছায় ওই শিশু। ওইদিনই শিশুটির বাবা গাংনী থানায় শাকিলের বিরুদ্ধে ধর্ষণের মামলা দায়ের করেন। রায় ঘোষণাকালে দোষী সাব্যস্ত হওয়া শাকিল হোসেন আদালতে উপস্থিত ছিল। শিশু ধর্ষণ ও নির্যাতন প্রতিরোধে এত দ্রুত রায়দানের দৃষ্টান্ত ইতিবাচক হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।
অন্যদিকে, রাজধানী ঢাকার পল্লবিতে ৭ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা মামলায় এক সপ্তাহের মধ্যে রবিবার অভিযুক্ত সোহেল রানা এবং তাঁর স্ত্রী স্বপ্না আক্তারের বিরুদ্ধে আদালতে চার্জশিট জমা দিল পুলিশ। জানা গিয়েছে, ১ সপ্তাহের মধ্যে রায়ও দেওয়া হবে। গত মঙ্গলবারের এই ধর্ষণ-খুনের ঘটনা নিয়ে দেশজুড়ে তীব্র তোলপাড় শুরু হয়েছে। গত বৃহস্পতিবার রাতে মন্ত্রিসভার বৈঠক শেষে প্রধানমন্ত্রী তারেক রহমান শিশুটির পরিবারের সঙ্গে দেখা করেন। দ্রুত এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার নিশ্চিত করার আশ্বাস দেন তিনি। শিশুর বড় দিদির লেখাপড়া-সহ সকল দায়িত্বভারও গ্রহণ করেন প্রধানমন্ত্রী।
এই মামলার বিচারকাজ পাঁচ–সাত দিনের মধ্যে শেষ হবে বলে আশাবাদী স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, “এই অপরাধের সর্বোচ্চ সাজা নিশ্চিত করতে যা যা করা দরকার, সরকার তা–ই করবে। আমরা একজন স্পেশাল পিপি নিয়োগ করেছি শুধু এই মামলার কাজ করার জন্য। এসব ধর্ষণের ঘটনা সামাজিক অবক্ষয়, সামাজিক মূল্যবোধের অভাব থেকে হচ্ছে। এখানে সমাজ সংস্কার দরকার।”
প্রসঙ্গত, গত ১৯ মে পল্লবির একটি ভবনের তিনতলার ফ্ল্যাট থেকে ওই শিশুর খণ্ডিত দেহ উদ্ধার করা হয়। এই ঘটনায় শিশুটির বাবা পল্লবি থানায় মামলা করেন। হত্যাকাণ্ডের প্রধান অভিযুক্ত সোহেল রানা গত বুধবার আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। জবানবন্দিতে শিশুটিকে ধর্ষণের পর হত্যার কথা স্বীকার করে সে।
দেশে ধর্ষণের সর্বোচ্চ শাস্তির বিধান থাকা সত্বেও রোখা যাচ্ছে না সামাজিক এই অবক্ষয়। প্রতিনিয়ত ঘটে চলেছে ধর্ষণের ঘটনা। এবার কুমিল্লা জেলার লাকসাম উপজেলায় ছয় বছর বয়সি এক শিশুকে যৌন নিপীড়নের চেষ্টা করেন প্রভাবশালী এক ব্যক্তি। গতকাল শনিবার এই ঘটনার পর অভিযুক্ত ৭০ বছর বয়সি আবদুল রশিদ পলাতক রয়েছেন।