মালকিনের স্নানের সময় বাথরুমে উঁকি! গোপনে ভিডিও রেকর্ড পরিচারকের, তারপর…
প্রতিদিন | ২৫ মে ২০২৬
গোপনে বধূর স্নানের ভিডিও রেকর্ডের অভিযোগ। নদিয়ার নবদ্বীপের বনোচারি এলাকা থেকে অভিযুক্ত পরিচারককে গ্রেপ্তার করল পুলিশ। কী কারণে ভিডিও রেকর্ড করেছিল ওই যুবক? নেপথ্যে আর কেউ রয়েছে কি? জানতে তদন্ত শুরু করেছে পুলিশ।
জানা গিয়েছে, নদিয়ার নবদ্বীপের বনোচারি এলাকার বাসিন্দা ওই বধূ। তাঁর বাড়িতে কাজ করত অভিযুক্ত। অন্যান্যদিনের মতোই শনিবার দুপুরে স্নানে যান গৃহকর্ত্রী। অভিযোগ, সেই সময়ই বাথরুমে উঁকি দেয় পরিচারক। এখানেই শেষ নয়। তাঁর স্নানের ভিডিও ক্যামেরা বন্দিও করেন গুণধর। বধূ বিষয়টা টের পাওয়ামাত্রই চিৎকার করেন। সঙ্গে সঙ্গে পরিবারের সদস্যরা ছুটে যান। যুবককে আটকে রেখে খবর দেওয়া হয় থানায়।
থানায় লিখিত অভিযোগ দায়ের করেন ওই গৃহবধূ। তাঁর অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে বনোচারি বাগান এলাকা থেকেই অভিযুক্ত যুবককে গ্রেপ্তার করে পুলিশ। রবিবার ধৃতকে কৃষ্ণনগর বিশেষ আদালতে তোলা হয়। পুলিশ সূত্রে খবর, অভিযুক্তের মোবাইল ফোন খতিয়ে দেখা হচ্ছে। সে ঠিক কী উদ্দেশ্যে এই ভিডিও রেকর্ড করেছিল। ঘটনায় আর কেউ জড়িত রয়েছে কিনা, নেপথ্যে কোনও চক্র রয়েছে কি না, তাও খতিয়ে দেখছে পুলিশ।