• অর্জুন সিংয়ের সঙ্গে বচসা থেকে উত্থান! মন্দারমণিতে পাকড়াও কাঁচরাপাড়ার তৃণমূল নেতা বনি
    প্রতিদিন | ২৫ মে ২০২৬
  • এবার পুলিশ জালে কাঁচরাপাড়ার যুব তৃণমূল নেতা অভিজিৎ রায় ওরফে বনি। পুরনো আগ্নেয়াস্ত্র মামলায় তাঁকে এবার গ্রেপ্তার করল বীজপুর থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মন্দারমণি থেকে তাকে গ্রেফতার করে আনা হয়। রবিবার বারাকপুর আদালতে পেশ করা হলে পাঁচ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন বিচারক। এরপর তাঁকে বীজপুর থানায় নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করেছেন তদন্তকারীরা। বিজেপি নেতা অর্জুন সিংয়ের সঙ্গে প্রকাশ্য বচসার ভাইরাল ভিডিও ঘিরেই শিল্পাঞ্চলের রাজনীতিতে পরিচিতি বাড়ে বনির।

    গত ২০২৪ সালের লোকসভা ভোটের সময় বারাকপুর কেন্দ্রকে ঘিরে রাজনৈতিক উত্তেজনা তৈরি হয়। সেই সময় বিজেপি প্রার্থী অর্জুন সিংয়ের সঙ্গে বনির বচসার ভিডিও ছড়িয়ে পড়ে সমাজমাধ্যমে। তারপর থেকেই এলাকায় তার রাজনৈতিক সক্রিয়তা ও প্রভাব দ্রুত বাড়তে থাকে বলে স্থানীয় রাজনৈতিক মহলের দাবি। সেই সময় থেকেই তৃণমূলে দ্রুত উত্থান হয় বনির। স্থানীয় সূত্রের দাবি, পরবর্তী সময়ে কাঁচরাপাড়া পুরসভার চেয়ারম্যান কমল অধিকারীর ঘনিষ্ঠ মহলের সঙ্গে বনির দূরত্ব তৈরি হয়। এরপর ধীরে ধীরে তৎকালীন বিজপুরের বিধায়ক সুবোধ অধিকারী এবং সাংসদ পার্থ ভৌমিকের ঘনিষ্ঠ মহলের সঙ্গে যোগাযোগ বাড়িয়ে এলাকায় রাজনৈতিক কর্মকাণ্ড ধৃত বনি চালাতে থাকেন বলে অভিযোগ।

    এদিকে সাম্প্রতিক বিধানসভা ভোটে রাজ্যে পালাবদলের পর শিল্পাঞ্চলের রাজনৈতিক সমীকরণেও বড় পরিবর্তন এসেছে। বীজপুর, নৈহাটি, ভাটপাড়া, জগদ্দল, নোয়াপাড়া ও বারাকপুর— সবকটি কেন্দ্রেই জয় পেয়েছে বিজেপি। এরপরই পুরনো আগ্নেয়াস্ত্র মামলার তদন্তে ফের সক্রিয় হয় পুলিশ। তদন্তকারীদের দাবি, সেই মামলার সূত্র ধরেই বনিকে গ্রেফতার করা হয়েছে। যদিও তদন্তের স্বার্থে বিস্তারিত কিছু জানাতে চাননি পুলিশ আধিকারিকরা।

    বলে রাখা প্রয়োজন, রাজ্যে পালাবদলের পরেই দুর্নীতি ইস্যুতে কড়া বার্তা দেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এরপর থেকেই রাজ্যের একাধিক জায়গায় শুরু হয় ধরপাকড়। গ্রেপ্তার করা হয় একের পর এক তৃণমূল নেতাকে। সেই তালিকায় এবার কাঁচরাপাড়ার যুব তৃণমূল নেতা অভিজিৎ রায় ওরফে বনি।
  • Link to this news (প্রতিদিন)