• ২০১৬-র ভোটে নিরপেক্ষ থাকার সাজা! জেলায় বদলি অফিসারদের ফেরাতে স্বরাষ্ট্র দপ্তরে চিঠি লালবাজারের
    প্রতিদিন | ২৫ মে ২০২৬
  • কলকাতা পুলিশে কর্মীসঙ্কট মেটাতে তৎপর লালবাজার। পশ্চিমবঙ্গ পুলিশের বিভিন্ন জেলায় ডেপুটেশনে থাকা কলকাতা পুলিশের কর্মীদের ফেরানোর প্রস্তাব দিয়ে রাজ্যের স্বরাষ্ট্র দপ্তরে চিঠি পাঠানো হয়েছে। সাব ইন্সপেক্টর, কনস্টেবল ও কলকাতা পুলিশের ড্রাইভারে বিপুল শূন্যপদ রয়েছে। শহরে আইনশৃঙ্খলা পরিস্থিতি মোকাবিলায় চাপ পড়ছে গোয়েন্দা বিভাগে। নতুন করে পুলিশ কর্মীদের নিয়োগও যথেষ্ট সময় সাপেক্ষ, তাই প্রশাসনিক কাজ স্বাভাবিক রাখতে ডেপুটেশনে থাকা কর্মীদের কলকাতা পুলিশে ফেরানোর প্রস্তাব রাখা হয় লালবাজারের তরফে।

    সম্প্রতি কলকাতা পুলিশের আওতায় আসে ভাঙড় বিধানসভা কেন্দ্র। গত পঞ্চায়েত ভোটে বারবার অশান্তির আগুনে জ্বলেছিল ভাঙড়। সন্ত্রাসের দাপটে নাগালের বাইরে চলে গিয়েছিল সেখানকার আইনশৃঙ্খলা পরিস্থিতি। তার দিনকয়েকের মধ্যেই ভাঙড়কে কলকাতা পুলিশের আওতায় আনে তৎকালীন রাজ্য সরকার। ৩ টি থানার বদলে ৯ টি থানার প্রস্তাব দিয়েছিল কলকাতা পুলিশ। যার ফলে বাড়তি আধিকারিকও প্রয়োজন। চিঠিতে কর্মীসঙ্কটের বিষয়টি উল্লেখ করে জেলায় বদলি হওয়া আধিকারিকদের ফেরাতে প্রস্তাব রাখে লালবাজার। ২২ পুলিশ আধিকারিকের নামের তালিকাও দেওয়া হয় চিঠিতে।

    উল্লেখ্য, ২০১৬ সালে ভোটে যথেষ্ট দায়িত্বশীলতার সঙ্গে প্রশাসনিক কর্তব্য পালন করেছিলেন কলকাতা পুলিশ আধিকারিকদের একাংশ।নির্বাচনকালে কমিশনের নির্দেশ মতোই কাজ করেছিলেন অনেকে। ঠিক তার পরবর্তী সময়েই অজ্ঞাত কারণবশত কলকাতা পুলিশের বহু দক্ষ আধিকারিককে বদলি করা হয়েছিল জেলায়। তুলনায় কম গুরুত্বপূর্ণ পদে বছরের পর বছর ডিউটি করতে হয়েছে তাঁদের। প্রসঙ্গত, সেই সময়েই আইপিএসের জন্য নির্ধারিত পদে বদলি করা হয়েছিল কলকাতা পুলিসের ডিসি দেবশ্রী চট্টোপাধ্যায়কে। উত্তর দিনাজপুরে সশস্ত্র পুলিসের কমান্ডান্ট পদে বদলি করা হয়েছিল তাঁকে। উত্তরবঙ্গ থেকে কলকাতা ফেরার পথে দুর্ঘটনায় তাঁর মৃত্যু হয়েছিল।

    নিয়ম অনুযায়ী, নির্দিষ্ট নিয়োগ প্রক্রিয়ায় কলকাতা পুলিশে চাকরি পেলে, সেই পুলিশ আধিকারিকদের জেলায় বদলি করা যায় না। তবে তৃণমূল জমানায় প্রথা ভেঙে অ্যাসিস্টান্ট কমিশনার, ইন্সপেক্টর, সাব ইন্সপেক্টর, কনস্টেবল সহ বহু পুলিশ আধিকারিক থেকে কর্মীদের জেলায় বদলি করা হয়েছে। সূত্রের খবর, তাঁদের মধ্যে অনেকেই অবসর নিয়েছেন। অনেকে এখনও কর্মরত। রাজ্যে সরকারি পালাবদল হতেই ১০ বছর পর কর্তব্যরত সেই সকল পুলিশকর্মীদের ফেরানোর দাবি জানিয়ে প্রস্তাব দিয়েছে লালবাজার।
  • Link to this news (প্রতিদিন)