• ‘ভয়ভীতি হেরে গিয়েছে ’, ফলতায় জয়ের পরেই বার্তা প্রধানমন্ত্রীর
    এই সময় | ২৫ মে ২০২৬
  • ফলতার পুনর্নির্বাচনে জিতেছেন বিজেপির দেবাংশু পণ্ডা। তাঁকে অভিনন্দন জানালেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি জানিয়েছেন, এই জয়ে আসলে হেরে গিয়েছে যাবতীয় ভয়ভীতি। ফলতায় গণতন্ত্র জিতেছে বলেও জানিয়েছেন প্রধানমন্ত্রী।

    প্রসঙ্গত, গত বৃহস্পতিবার ফলতায় পুুনর্নির্বাচন হয়। দক্ষিণ ২৪ পরগনার এই আসনে প্রায় ১ লক্ষ ৯ হাজার ভোটে জিতেছেন দেবাংশু পণ্ডা।

    গত ২৯ এপ্রিল এই কেন্দ্রে একাধিক আসনে গণ্ডগোল হয়েছিল। তাই সেখানকার সব ক'টি বুথেই ফের ভোট করানোর সিদ্ধান্ত নেয় নির্বাচন কমিশন। তবে ভোটের ঠিক আগে ওই নির্বাচন থেকে সরে দাঁড়ানোর কথা ঘোষণা করেন ওই আসনের তৃণমূল প্রার্থী জাহাঙ্গির খান।  মানুষ ভোট দিয়েছিলেন উৎসবের মেজাজে। তবে তার আগেই এই আসনে এক লক্ষ ভোটে জেতার কথা জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আর, রবিবার ভোটের ফল প্রকাশের পরেই মিলে গিয়েছে জয়ের ব্যবধান।

    এর পরেই পশ্চিমবঙ্গবাসীকে শু‌ভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দেবাংশু পণ্ডাকে অভিনন্দন জানিয়ে সোশ্যাল মিডিয়ায় তিনি লেখেন, ‘ফলতার মানুষ কথা বলেছেন। গণতন্ত্র জিতেছে এবং ভয়ভীতি হেরে গিয়েছে। এটি বিজেপির প্রতি পশ্চিমবঙ্গের মানুষের অটল আস্থারই প্রতিফলন। পশ্চিমবঙ্গের সরকার বিভিন্ন ক্ষেত্রে যে অসাধারণ এবং ব্যতিক্রমী কাজ করে চলেছে, তা মানুষের নজর এড়ায়নি। আর, ঠিক সেই কারণেই তাঁরা আমাদের আবারও আশীর্বাদ করার সিদ্ধান্ত নিয়েছেন।’ এই সঙ্গেই প্রধানমন্ত্রী জানিয়েছেন, আগামী দিনেও পশ্চিমবঙ্গের উন্নতির জন্য কাজ করে যাবেন তিনি।

    এর আগেই, ‘ডায়মন্ড হারবার মডেল তৃণমূলের হার-বার মডেলে’ পরিণত হয়েছে বলে সোশ্যাল মিডিয়ায় লেখেন রাজ্যের মুখ্যমন্ত্রী । ফলতার ভোটারদের কাছে বিশেষ ভাবে কৃতজ্ঞতাও জানিয়েছেন তিনি। কাজের মাধ্যমেই এই ঋণ শোধ করার কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ফলতার মানুষ এত দিনে স্বাধীনতা পেয়েছেন বলেও মন্তব্য করেছেন তিনি।

    এ বার উপ-নির্বাচন হবে পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম আসনেও। ওই আসনেও বিজেপি জিতবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী।

  • Link to this news (এই সময়)