পরনে স্যান্ডো গেঞ্জি আর আন্ডারওয়্যার। মাথা ন্যাড়া। মুখ নীচু করে রাস্তা দিয়ে হাঁটছেন কুখ্যাত ‘ডন’ আকাশ সিং। তাঁকে চারপাশে পুলিশকর্মী। রবিবার সকালে উত্তর হাওড়ার ভরা বাজারে এমন দৃশ্য দেখে থমকে দাঁড়ালেন কেউ কেউ। চোখে-মুখে চাপা হাসি। আকাশকে ঠিকই চিনতে পেরেছেন তাঁরা। রাস্তার দু’পাশের দোকানপাট থেকে উড়ে এল টিপ্পনি, ‘ঠিক হয়েছে। এ বার বোঝো কত ধানে কত চাল।’
এক সময়ে উত্তর হাওড়ায় আকাশ সিংয়ের নামে বাঘে-গোরুতে এক ঘাটে জল খেত। তাঁর নাম শুনলে কাঁপতেন স্থানীয় বাসিন্দারা। অনেকেরই অভিযোগ, এমন কোনও অপরাধ নেই যা নাকি আকাশ করেননি। ২০টিরও বেশি বোমাবাজি, অপরাধমূলক কাজে জড়িত থাকার অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। শুধু তাই নয়, ২০২১ সালে খোদ পুলিশের উপরেই গুলি চালিয়েছিলেন তিনি। অন্তত অভিযোগ এমনই।
আকাশের বিরুদ্ধে ভূরি ভূরি অভিযোগ থাকলেও এতদিন কিছুতেই যেন তার নাগাল মিলছিল না। অবশেষে পালাবদলের পরে চলতি মাসের শুরুর দিকে তাঁকে গ্রেপ্তার করে হাওড়া সিটি পুলিশ। তার পরেই এ দিন মাথা মুড়িয়ে, গেঞ্জি আর আন্ডারওয়্যার পরিয়ে আকাশকে ঘোরানো হলো উত্তর হাওড়ার রাজপথে। পুলিশ জানিয়েছে, ২০২১ এবং তার পরে আকাশের বিরুদ্ধে যে সব জায়গায় হামলা চালানোর অভিযোগ উঠেছিল, এ দিন সেখানে তাঁকে নিয়ে গিয়ে ঘটনার পুনর্নির্মাণ করানো হয়।
শুধু ঘটনার পুনর্নির্মাণ নয়। ‘ডন’ আকাশকে এভাবে ঘুরিয়ে পুলিশ আসলে জেলার সমস্ত দুষ্কৃতীদের উদ্দেশেই কঠোর বার্তা দিল বলে মনে করছেন ওয়াকিবহাল মহলের একাংশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, সেই জন্যই আকাশ যে পোশাকে ছিলেন, সেই ভাবেই তাঁকে নিয়ে আসা হয়েছিল এলাকায়।
মুখ্যমন্ত্রীর কুর্সিতে বসেই সমাজবিরোধীদের উদ্দেশে কড়া বার্তা দিয়েছিলেন শুভেন্দু অধিকারী। স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছিলেন, পুলিশের উপরে কোনও হামলা তিনি বরদাস্ত করবেন না। গত ১৮ মে পার্ক সার্কাসের সেভেন পয়েন্টে দাঁড়িয়ে হুঁশিয়ারির সুরে মুখ্যমন্ত্রী বলেছিলেন, ‘পুলিশের গায়ে হাত দিলে পুলিশমন্ত্রী হিসেবে যতদূর যেতে হয় যাব।’ তার পরেই উত্তর হাওড়ার এই দৃশ্য দেখল রাজ্যবাসী।