বীরভূমে প্রবল ঝড়বৃষ্টির জের! বজ্রপাতে মর্মান্তিক মৃত্যু দুজনের
News18 বাংলা | ২৫ মে ২০২৬
বীরভূমের হঠাৎ ঝড় এবং বৃষ্টির জেরে মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটেছে। সিউড়ি এলাকার দুটি গ্রামে বাজ পড়ে মৃত্যু হয়েছে ২ জনের সেই সঙ্গে বেশ কয়েকটি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে খবর পাওয়া গিয়েছে।
জানা গিয়েছে, আজ অর্থাৎ রবিবার সন্ধায় সিউড়িতে বাজপড়ে দু’জনের মৃত্যু হয়েছে। সিউড়ি থানার চাকদহ গ্রামের চন্দনা দলুই (১২) এবং নগরী কাটাবুনির বাসিন্দা বদি মুর্মুর (৫৩) মৃত্যু হয়েছে বাজ পড়ার ঘটনায়।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সিউড়ি ও সংলগ্ন এলাকায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি শুরু হয়। চাকদহ গ্রামে বাড়ির উঠানে বসে থাকার সময় শ্রী চন্দনার ঠিক পাশেই বাজ পড়ে এবং সে অচেতন হয়ে যায়। অন্য দিকে, বদি মুর্মু মাঠ থেকে ছাগল আনতে গিয়ে বজ্রপাতের কবলে পড়েন। তাদের দুই জনকেই সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাদের মৃত বলে ঘোষণা করেন। অন্য দিকে সিউড়ির ইন্দ্রগাছা গ্রামে আচমকা ঝড়ে বেশ কয়েকটি বাড়ি ক্ষতিগ্রস্থ বেশ কয়েকটি গাছ পড়ে গিয়েছে।
দেশজুড়ে তাপপ্রবাহ ও বাড়তে থাকা গরমের মধ্যেই স্বস্তির খবর দিল ভারতীয় আবহাওয়া দফতর (IMD)। আবহাওয়াবিদদের পূর্বাভাস অনুযায়ী, এ বছর নির্ধারিত সময়ের আগেই দেশে প্রবেশ করতে পারে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু। সাধারণত ১ জুন কেরলে বর্ষা ঢোকে, তবে এবার তা ২৬ মে-র আশপাশে পৌঁছতে পারে বলে জানানো হয়েছে।
আগামী কয়েক দিন উত্তরবঙ্গের একাধিক জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দার্জিলিং থেকে কোচবিহার পর্যন্ত বজ্রবিদ্যুৎ-সহ ঝড়ো হাওয়া ও প্রবল বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। অন্য দিকে দক্ষিণবঙ্গে গরম ও অস্বস্তিকর আবহাওয়া বজায় থাকবে। পশ্চিমাঞ্চলের কয়েকটি জেলায় তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস ছুঁতে পারে। বিচ্ছিন্নভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা থাকলেও বড়সড় বৃষ্টির সম্ভাবনা আপাতত কম।