• জয়ী দেবাংশুকে অভিনন্দন প্রধানমন্ত্রী মোদির!
    আজকাল | ২৫ মে ২০২৬
  • আজকাল ওয়েবডেস্ক: ফলতায় পদ্ম-ঝড়! বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে রেকর্ড ব্যবধানে জয়ী হয়েছেন বিজেপি প্রার্থী দেবাংশু পণ্ডা। আর এই বিপুল জয়ের পরই সমাজমাধ্যমে নিজের প্রতিক্রিয়া জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তাঁর সাফ কথা, ফলতার এই ফলাফল আসলে 'ভীতি প্রদর্শনের রাজনীতির' বিরুদ্ধে সাধারণ মানুষের ও গণতন্ত্রের জয়।

    প্রধানমন্ত্রীর এই প্রতিক্রিয়াকে কেন্দ্র করে ইতিমধ্যেই শোরগোল পড়েছে রাজ্য রাজনীতিতে। 

    প্রধানমন্ত্রী তাঁর বার্তায় শুরুতেই ফলতার ভোটারদের কুর্নিশ জানিয়েছেন। তাঁর মতে, সর্বাত্মক চেষ্টা সত্ত্বেও ভোটারদের ভয় দেখানো যায়নি। মানুষ বুক চিতিয়ে ভোট দিয়েছেন এবং বুঝিয়ে দিয়েছেন যে শাসানি দিয়ে গণতন্ত্রকে স্তব্ধ করা যায় না। এই জয় যেমন প্রার্থী দেবাংশু পণ্ডার কৃতিত্ব, তেমনই এটি আদতে বাংলার মানুষের বিজেপির প্রতি ‘অটুট’ বিশ্বাস।

    প্রধানমন্ত্রীর কথায়, বিভিন্ন ক্ষেত্রে কেন্দ্রীয় সরকারের যে ব্যতিক্রমী উন্নয়নমূলক কাজ, তা বাংলার মানুষ খুব কাছ থেকে দেখছেন। আর সেই কাজের প্রতিদান দিতেই ফলতার জনতা দু’হাত উজাড় করে বিজেপিকে 'ভরসা' করেছেন।

    পাশাপাশি, এই কঠিন লড়াইয়ে যাঁরা দিনরাত এক করে বুথ কামড়ে পড়েছিলেন, সেই সাধারণ বিজেপি কর্মীদেরও অভিনন্দন জানাতে ভোলেননি প্রধানমন্ত্রী। তাঁদের এই অক্লান্ত পরিশ্রমই যে জয়ের ভিত গড়ে দিয়েছে, তা মেনে নিয়েছেন তিনি। একই সঙ্গে বাংলার মানুষকে আশ্বস্ত করে মোদি জানিয়েছেন, এই জয়ের পর রাজ্যের সার্বিক প্রগতির জন্য আগামী দিনে আরও বেশি দায়বদ্ধতার সঙ্গে কাজ করবে তাঁর দল।

    দিল্লির মসনদ থেকে মোদির এই বার্তায় উচ্ছ্বসিত জনতা। ফলতার এই জয়কে কেবল একটি বিধানসভার জয় হিসেবে আর দেখছে না গেরুয়া শিবির। বরং একে হাতিয়ার করেই আগামী দিনে রাজ্যে দলের সংগঠনকে আরও চাঙ্গা করতে চাইছে শীর্ষ নেতৃত্ব।
  • Link to this news (আজকাল)