• মুম্বই 'বধ' করে প্লে-অফে রাজস্থান, স্বপ্ন শেষ কলকাতা-পঞ্জাবের
    eTV Bharat | ২৫ মে ২০২৬
  • মুম্বই, 24 মে: রাজস্থান রয়্যালস ম্য়াচের ফলাফলের উপর ঝুলে ছিল কলকাতা নাইট রাইডার্সের ভাগ্য ৷ রয়্যালস হারলে তবেই সুযোগ ছিল কলকাতা নাইট রাইডার্সের সামনে ৷ কিন্তু মুম্বই ইন্ডিয়ান্স'কে 30 রানে হারিয়ে নাইটদের প্লে-অফের স্বপ্ন শেষ করে দিল রয়্যালস শিবির ৷ অর্থাৎ, রবিবাসরীয় ডাবল-হেডারের দ্বিতীয় ম্য়াচে দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে নাইট রাইডার্স ম্যাচ নিয়মরক্ষার হয়ে দাঁড়াল ৷ ওয়াংখেড়েতে এদিন 206 রানের লক্ষ্যমাত্রা তাড়া করতে নেমে 175 রানে শেষ 'পল্টনরা' ৷ রয়্য়ালসের জয়ে প্লে-অফ সম্ভাবনা শেষ হল পঞ্জাব কিংসেরও ৷

    রাজস্থান হারলেও নাইটদের এদিন প্লে-অফে যেতে হলে বেশ কিছু সমীকরণ মেলাতে হত ৷ ক্য়াপিটালস'কে আজিঙ্কা রাহানে ব্রিগেড শেষ ম্য়াচে হারাতে পারবে কি না জানা নেই, কিন্তু সমীকরণ মেলানোর আর কোনও জায়গা রাখলেন না রিয়ান পরাগরা ৷ 14 ম্য়াচে 16 পয়েন্ট নিয়ে প্লে-অফ নিশ্চিত করল রয়্যালস শিবির ৷ আগামী 27 মে এলিমিনেটরে সানরাইজার্স হায়দরাবাদের মুখোমুখি হবে তারা ৷ লিগের শেষ ম্য়াচে এদিন মুম্বইয়ের বিরুদ্ধে রাজস্থানের জয়ের নায়ক জোফ্রা আর্চার ৷ 32 রানের পাশাপাশি তিন উইকেটে ম্য়াচের সেরা ইংরেজ পেসার ৷

    মাস্ট-উইন ম্য়াচে ওয়াংখেড়েতে এদিন টস হেরে প্রথম ব্য়াটিং করে রয়্যালস ৷ দুই ওপেনার বৈভব সূর্যবংশী (4 রান) ও যশস্বী জয়সওয়ালের (27 রান) ইনিংস লম্বা না-হলেও ব্য়াটারদের সম্মিলিত প্রয়াসে স্কোরবোর্ডে দু'শোর উপর রান তোলে পিঙ্ক ব্রিগেড ৷ 26 বলে 38 করেন ধ্রুব জুরেল ৷ মারেন তিনটি চার ও দু'টি ছক্কা ৷ এছাড়া দাসুন শানাকা'র 15 বলে 29, জোফ্রা আর্চারের 15 বলে 32 রয়্যালস'কে আট উইকেট হারিয়ে পৌঁছে দেয় 205 রানে ৷ 11 বলে 19 রানে অপরাজিত থাকেন রবীন্দ্র জাদেজা ৷ তিন বলে 10 রানে নটআউট থাকেন নান্দ্রে বার্গার ৷ মুম্বই'য়ের হয়ে দু'টি করে উইকেট নেন দীপক চাহার ও শার্দূল ঠাকুর ৷

    জবাবে সূর্যকুমার যাদবে হাফসেঞ্চুরি, অধিনায়ক হার্দিক পান্ডিয়ার ঝোড়ো ইনিংস সত্ত্বেও ম্য়াচ হারতে হয় মুম্বই'কে ৷ যা চলতি আইপিএলে তাদের দশম হার ৷ তিনটি চার ও চার ছ'য়ে 42 বলে 60 রান করেন 'স্কাই' ৷ 15 বলে 34 রান আসে পান্ডিয়ার ব্যাটে ৷ তাঁকে ফেরান আর্চার ৷ এছাড়া রোহিত শর্মা ও নমন ধিরের উইকেট নেন ইংরেজ তারকা ৷ চার ওভারে 17 রান দিয়ে তিন উইকেট তাঁর ঝুলিতে ৷ পাশাপাশি দু'টি করে উইকেট নেন নান্দ্রে বার্গার, ব্রিজেশ শর্মা ও যশরাজ পুঞ্জার ৷ রয়্যালস বোলারদের দাপটে 20 ওভারে নয় উইকেট হারিয়ে 175 রানে থেমে যায় হোম টিমের ইনিংস ৷ অর্থাৎ, 30 রানে জিতে প্লে-অফ নিশ্চিত করে রিয়ান পরাগ অ্যান্ড কোম্পানি ৷
  • Link to this news (eTV Bharat)