ফের মহার্ঘ হলো জ্বালানি। সোমবার একধাক্কায় পেট্রলের দাম লিটার প্রতি ২ টাকা ৬১ পয়সা এবং ডিজেলের দাম ২ টাকা ৭১ পয়সা বাড়ানো হয়েছে। এ দিন থেকেই বর্ধিত দামে পেট্রল-ডিজ়েল কিনতে হবে ক্রেতাদের। পশ্চিম এশিয়ায় সংঘাতের আবহে দুই সপ্তাহের মধ্যে চার বার দাম বাড়ায় নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের মূল্যবৃদ্ধির আশঙ্কা করছেন অনেকেই। মধ্যবিত্তের পকেটেও টান পড়ছে। উল্লেখ্য, এর আগে শনিবার (২৩ মে) পেট্রল ৮৭ পয়সা এবং ডিজ়েলে ৯৭ পয়সা দাম বাড়ানো হয়েছিল।
দাম বৃদ্ধির ফলে রাজধানী দিল্লিতে জ্বালানির দাম ১০০-র গণ্ডি ছাড়িয়ে গিয়েছে। লিটার প্রতি পেট্রলের দাম দাঁড়িয়েছে ১০২ টাকা ১২ পয়সা। আর ডিজ়েলের দাম বেড়ে হয়েছে লিটার প্রতি ৯৫ টাকা ২০ পয়সা। চেন্নাইতে এক লিটার পেট্রল বিক্রি হচ্ছে ১০৭ টাকা ৭৭ পয়সায়। আর ডিজ়েল ৯৫.৫৫ পয়সায়।
সবচেয়ে বেশি দাম বেড়েছে কলকাতায়। এখন এক লিটার পেট্রল কিনতে হবে ১১৩ টাকা ৫১ পয়সায়। আর ডিজ়েলের নতুন দাম হয়েছে ৯৯ টাকা ৮২ পয়সা প্রতি লিটার। দেশের বাণিজ্যিক রাজধানী মুম্বইতেও একই ছবি। লিটারে ২ টাকা ৭২ পয়সা দাম বেড়েছে। ফলে পেট্রলের দাম দাঁড়িয়েছে ১১১ টাকা ২১ পয়সা। আর ডিজ়েল বিক্রি হচ্ছে ৯৭.৮৩ পয়সায়।
দাম বৃদ্ধির ফলে মধ্যবিত্তরাই সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়তে চলেছেন বলে মনে করছেন ওয়াকিবহাল মহলের একাংশ। ব্যক্তিগত গাড়ি এবং বাইকে পেট্রল ভরতে বাড়তি টাকা খরচ করতে হবে তো বটেই, বাস-ট্যাক্সির ভাড়া বাড়ার সম্ভাবনাও রয়েছে। এখানেই শেষ নয়, পেট্রল, ডিজ়েলের দাম বাড়ায় নিত্য প্রয়োজনীয় জিনিসেরও মূল্যবৃদ্ধির আশঙ্কা করছেন অনেকেই।
পশ্চিম এশিয়ার উত্তেজনার আবহে ইতিমধ্যেই দেশবাসীকে পেট্রল-ডিজ়েলের ব্যবহারে রাশ টানার বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এর মধ্যে জ্বালানি তেলের পাশাপাশি রান্নার গ্যাস, ভোজ্য তেল, সোনা, তামা, রাসায়নিক সারও রয়েছে। তখন থেকেই দাম বৃদ্ধি নিয়ে জল্পনা চলছিল। ওয়াকিবহাল মহলের একাংশের মতে, ভবিষ্যতে দাম আরও বাড়তে পারে।
উল্লেখ্য, পশ্চিম এশিয়ার অস্থিরতার মধ্যে গত ১১ মাসে পেট্রল-ডিজেলের দামে খুব একটা হেরফের হয়নি। তবে সরবরাহে টান পড়েছিল। তখন থেকেই কেন্দ্রীয় সরকারের কাছে দাম বৃদ্ধির আবেদন জানাচ্ছিল রাষ্ট্রায়ত্ত তেল সংস্থাগুলি। তার পরেই গত শুক্রবার (১৫ মে) পেট্রল-ডিজ়েলে লিটার প্রতি গড়ে ৩ টাকা এবং সিএনজি-র দাম ২ টাকা বৃদ্ধি পায়। ১৯ মে ফের দাম বাড়ে। আরও ৯০ পয়সা করে পেট্রলের দাম বাড়িয়ে দেওয়া হয়। তার পরে গত শনিবার (২৩ মে) পেট্রলো ৮৭ পয়সা এবং ডিজ়েলে ৯১ পয়সা মূল্যবৃদ্ধি হয়েছিল।