এই সময়: কখন কার দরজায় পুলিশ এসে কড়া নাড়ে তা নিয়ে আতঙ্ক বাড়ছে তৃণমূলের অন্দরে। বিভিন্ন অভিযোগে প্রায় প্রতিদিনই ধরা পড়ছেন কেউ না কেউ। রবিবার ফেসবুক লাইভ করে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেছেন, বেআইনি ভাবে ধরা হচ্ছে দলের নেতা–নেত্রীদের।
এই গ্রেপ্তারের তালিকায় নবতম সংযোজন রীতা গায়েন। তোলাবাজির অভিযোগে তৃণমূলের রাজারহাট ব্লকের জ্যাংড়া-হাতিয়াড়া গ্রাম পঞ্চায়েতের এই প্রধানকে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযোগ, মোটা টাকার বিনিময়ে জলাভূমি ও সরকারি জমির উপরে বেশ কিছু বিল্ডিং নির্মাণে অনুমোদন দিয়েছিলেন রীতা। কয়েক মাস আগে নিউ টাউন থানায় তা নিয়ে অভিযোগ দায়ের হয়। শনিবার রাতে রীতাকে নিউ টাউন থেকে প্রথমে আটক ও পরে গ্রেপ্তার করে পুলিশ। দু’দিন আগেই তোলাবাজি ও সিন্ডিকেটরাজ চালানোর অভিযোগে গ্রেপ্তার হন রাজারহাট পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ, তৃণমূলের বাহার আলি লস্কর। এ ভাবে রাজারহাটের একের পর এক জনপ্রতিনিধি গ্রেপ্তার হওয়ায় আতঙ্ক ছড়িয়েছে তৃণমূল নেতাদের মধ্যে।
হুগলির আরামবাগ থেকে ধরা হয়েছে তৃণমূল নেতা রাকেশ আলিকে। কয়েকদিন আগে আরামবাগ বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকার তৃণমূল পার্টি অফিস ও তার ছাদ থেকে পুলিশ একাধিক বোমা ও ধারালো অস্ত্র উদ্ধার করে। অভিযোগ, তবে থেকেই রাকেশ পলাতক ছিলেন। শনিবার রাতে কলকাতা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। রাকেশ তৃণমূলের আরামবাগ সাংগঠনিক জেলা সম্পাদক ছিলেন।
উত্তর ২৪ পরগনার হাসনাবাদে কেন্দ্রীয় আবাস যোজনায় বরাদ্দ টাকা থেকে উপভোক্তাদের কাছ থেকে জোর করে কাটমানি নেওয়ার অভিযোগে গ্রেপ্তার হয়েছেন তৃণমূল নেত্রী সঞ্চিতা ঋষিদাস। হাসনাবাদের আমলানি পঞ্চায়েত এলাকার উপভোক্তারা এই অভিযোগ করেছিলেন। পুলিশ জানিয়েছে, আমলানি পঞ্চায়েতের তৃণমূলের সদস্য সঞ্চিতা। তাঁর স্বামী রাজেশ ঋষিদাসের বিরুদ্ধেও একই অভিযোগ রয়েছে।
শনিবার রাতেই বাঁকুড়া পুরসভার ১৫ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলার পিঙ্কি চক্রবর্তীর স্বামী পীযূষ চক্রবর্তী ওরফে বাপি আত্মসমর্পণ করেন থানায়। তাঁর বিরুদ্ধে এক ব্যবসায়ীকে ভয় দেখিয়ে মোটা অঙ্কের তোলাবাজির অভিযোগ উঠেছিল। বাঁকুড়ারই গঙ্গাজলঘাটি পঞ্চায়েত সমিতির কৃষি কর্মাধ্যক্ষ পল্লব পান্ডের বিরুদ্ধে কাটমানি নেওয়া, চাকরির নাম করে টাকা নেওয়া–সহ একাধিক অভিযোগ ছিল। শনিবার তাঁকেও গ্রেফতার করেছে বেলিয়াতোড় থানার পুলিশ। আগ্নেয়াস্ত্র রাখার অভিযোগে দুর্গাপুর থেকে গ্রেপ্তার করা হয়েছে তৃণমূল আশ্রিত দুষ্কৃতী বলে পরিচিত সুদীপ গন ওরফে রাজাকেও।