নয়াদিল্লি: ফের নারী-নিগ্রহ উত্তরপ্রদেশে। লখনউয়ে এক তরুণীকে তিনদিন আটকে রেখে গণধর্ষণ। এই ঘটনায় দিল্লি পুলিশের কাছে দায়ের জিরো এফআইআরের ভিত্তিতে গলফ সিটি থানায় একটি মামলা দায়ের হয়েছে। পুলিশ জানিয়েছে, গত ২২ মে আনন্দ বিহার জিআরপি থানায় জিরো এফআইআর দায়ের হয়। সেখান থেকে তাদের কাছে আসে মামলাটি। লখনউ পুলিশের অতিরিক্ত ডেপুটি কমিশনার রাল্লাপাল্লি বসন্ত কুমার জানিয়েছেন, জৌনপুর জেলার বাসিন্দা শিবম ও সামি যাদব নামে দুই যুবকের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়। সেইসঙ্গে তাদের এক শাগরেদের নামও অভিযোগপত্রে রয়েছে। এই তিনজন মিলে তরুণীকে ধর্ষণ করে বলে অভিযোগ। ঘটনার তদন্ত শুরু হয়েছে। অভিযুক্তদের ধরতে, তথ্যপ্রমাণ সংগ্রহের জন্য পুলিশের চারটি দল গঠন করা হয়েছে।
জানা গিয়েছে, নির্যাতিতাও জৌনপুরের বাসিন্দা। বাড়ি থেকে সুহেলদেব এক্সপ্রেসে যাচ্ছিলেন তিনি। সেইসময় শিবমের সঙ্গে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করেন। চারবাগ স্টেশনে পৌঁছলে শিবম তাঁকে একটি ভাড়া বাড়িতে নিয়ে যায়। সঙ্গে ছিল সানি। ভাড়া বাড়িতে কফির সঙ্গে মাদক খাইয়ে মেয়েটিকে আচ্ছন্ন করে শিবম ধর্ষণ করে। পরদিন শিবম বাইরে বেরলে সানি তাঁকে ধর্ষণ করে। এরপর গত ১৭ মে আরও একজন আসে। তারা তিনজন মিলে তরুণীকে ধর্ষণ করে বলে অভিযোগ। এরপর অবস্থার অবনতি হলে অভিযুক্তরা স্লিপার ক্লাসের টিকিট চারবাগ স্টেশনে মেয়েটিকে সুহেলদেব এক্সপ্রেসে চাপিয়ে দিল্লি পাঠিয়ে দেয়। ট্রেন থেকেই নির্যাতিতা বাবাকে ঘটনার কথা জানান। বাড়ির লোকজন দিল্লিতে জিআরপির সঙ্গে যোগাযোগ করেন। সেখানে নির্যাতিতার বয়ান রেকর্ড করা হয়।