• কালবৈশাখীর তাণ্ডবে লণ্ডভণ্ড সিউড়ি, বজ্রপাতে কিশোরী ও প্রৌঢ়ের মৃত্যু
    বর্তমান | ২৫ মে ২০২৬
  • নিজস্ব প্রতিনিধি, সিউড়ি: রবিবার বিকেলে সিউড়ি শহর ও সংলগ্ন এলাকায় কালবৈশাখীর তাণ্ডবে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ঝড়ের দাপটে বহু বাড়ির চাল উড়ে গিয়েছে। গাছপালা ভেঙে পড়েছে। একাধিক জায়গায় বিদ্যুতের খুঁটি ভেঙে পড়ায় বিস্তীর্ণ এলাকা বিদ্যুৎহীন হয়ে পড়ে। এই দুর্যোগের মাঝেই বজ্রাঘাতে এক কিশোরী ও এক প্রৌঢ়ের মৃত্যু হয়েছে। পুলিশ জানিয়েছে, মৃতদের নাম শ্রীচন্দনা দলুই(১২) এবং বদি মুর্মু(৫৩)। শ্রীচন্দনার বাড়ি মল্লিকপুর পঞ্চায়েতের চাকদহ গ্রামে এবং বদির বাড়ি নগরী পঞ্চায়েত এলাকার নগরী কাটাবুনি এলাকায়।

    স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রবিবার বিকেলে সিউড়ি শহর সহ আশেপাশের এলাকায় আচমকাই বজ্রবিদ্যুৎ সহ ঝড়বৃষ্টি শুরু হয়। সেইসময় চাকদহ গ্রামের শ্রীচন্দনা নিজের বাড়ির উঠানে বসেছিল। মৃতের আত্মীয়দের দাবি, আচমকা তার ঠিক পাশেই বিকট শব্দে বাজ পড়ে। তাতে উঠানেই অচৈতন্য হয়ে লুটিয়ে পড়ে সে। পরিবারের লোকজন ও প্রতিবেশীরা তাকে উদ্ধার করে সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। মৃতার মামা পূর্ণচন্দ্র দলুই বলেন, ও উঠানে বসেছিল। ঠিক ওর পাশেই বাজটা পড়ে। হঠাৎ কী হয়ে গেল, আমরা কিছু বুঝে উঠতে পারলাম না। প্রায় একই সময়ে নগরীর কাটাবুনি এলাকায় মাঠে ছাগল চরাতে গিয়েছিলেন বদিবাবু। বিকেলে আকাশ মেঘলা করে ঝড়-বৃষ্টি শুরু হওয়ায় তিনি মাঠ থেকে ছাগল নিয়ে বাড়ি ফিরছিলেন। তখনই খোলা মাঠে তাঁর উপর বাজ পড়ে। ঘটনাস্থলেই তিনি সংজ্ঞাহীন হয়ে পড়েন। মাঠের অন্য চাষিরা দূর থেকে বিষয়টি দেখে ছুটে আসেন। তাঁকে উদ্ধার করে সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যান। পরীক্ষা করার পর জরুরি বিভাগের চিকিৎসকরা জানান, হাসপাতালে পৌঁছানোর আগেই তাঁর মৃত্যু হয়েছে। মৃতের প্রতিবেশী আবির মারাণ্ডি বলেন, আমরা দেখামাত্র উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসি। কিন্তু ততক্ষণে সব শেষ।

    প্রশাসন ও স্থানীয় সূত্রের খবর, রবিবারের এই ঝড়বৃষ্টিতে সিউড়ি ও আশপাশের একাধিক এলাকার ঘরবাড়ি ভেঙেছে, রাস্তায় গাছ পড়ে যোগাযোগ ব্যাহত হয়েছে। বিদ্যুতের খুঁটি উপড়ে যাওয়ায় বহু গ্রাম অন্ধকারে ডুবে রয়েছে। বিদ্যুৎদপ্তর যুদ্ধকালীন তৎপরতায় পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা চালাচ্ছে। লাভপুর ও নানুরে গাছ ও বিদ্যুতের খুঁটি ভেঙে পড়ে। বাড়ির চালও উড়ে গিয়েছে। পুলিশ মৃতদেহ দু’টি ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে।
  • Link to this news (বর্তমান)