• অর্জুন সিংয়ের সঙ্গে বচসা করে ভাইরাল, অস্ত্র আইনে গ্রেপ্তার বনি
    বর্তমান | ২৫ মে ২০২৬
  • নিজস্ব প্রতিনিধি, বরানগর: লোকসভা ভোটের দিন বিজেপি নেতা অর্জুন সিংয়ের সঙ্গে তাঁর বচসার ভিডিও ভাইরাল হয়েছিল। সেই সূত্রেই শিল্পাঞ্চলের রাজনীতিতে পরিচিতি বেড়েছিল কাঁচরাপাড়ার যুব তৃণমূল নেতা অভিজিৎ রায় ওরফে বনির। সেই বনিকে পুরনো আগ্নেয়াস্ত্র মামলায় গ্রেপ্তার করল বীজপুর থানার পুলিশ। শনিবার রাতে মন্দারমণি থেকে তাঁকে গ্রেপ্তার করে বারাকপুরে আনা হয়। রবিবার বারাকপুর আদালতে পেশ করা হলে বিচারক পাঁচদিনের পুলিশ হেপাজতের নির্দেশ দিয়েছেন।

    ২০২৪ সালের লোকসভা ভোটের সময় বারাকপুর কেন্দ্রে বিজেপি প্রার্থী অর্জুন সিং বনাম তৃণমূল প্রার্থী পার্থ ভৌমিকের লড়াই ঘিরে উত্তেজনা তীব্র হয়েছিল। ভোটের দিন অর্জুনবাবুর সঙ্গে বনির বচসার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছিল। তারপর থেকেই এলাকায় তাঁর রাজনৈতিক প্রভাব ও সক্রিয়তা বাড়তে শুরু করে। পরবর্তী সময়ে কাঁচরাপাড়া পুরসভার চেয়ারম্যান কমল অধিকারীর গোষ্ঠীর সঙ্গে বনির দূরত্ব তৈরি হয়। কিন্তু তৎকালীন বিজপুরের বিধায়ক সুবোধ অধিকারী ও সাংসদ পার্থ ভৌমিকের ঘনিষ্ঠ মহলের সঙ্গে যোগাযোগ বাড়িয়ে সে এলাকায় রাজনৈতিক কর্মকাণ্ড চালাতে থাকে।

    কিন্তু এবার বিধানসভা ভোটে পালাবদলের পর শিল্পাঞ্চলের রাজনৈতিক সমীকরণেও বড় পরিবর্তন এসেছে। এরপরই পুরনো আগ্নেয়াস্ত্র মামলার তদন্তে ফের সক্রিয় হয় পুলিশ। তদন্তকারীদের দাবি, সেই মামলার সূত্র ধরেই বনিকে গ্রেপ্তার করা হয়েছে। যদিও তদন্তের স্বার্থে বিস্তারিত কিছু জানাতে চাননি পুলিশ আধিকারিকরা।
  • Link to this news (বর্তমান)