• শখ বেপরোয়া গতি, বাইক চুরিতে গ্রেপ্তার ২ স্কুলপড়ুয়া
    বর্তমান | ২৫ মে ২০২৬
  • সংবাদদাতা, বারুইপুর: স্পোর্টস বাইক চালানোর শখ ছিল দু’জনের। গতির নেশা যেন গ্রাস করেছিল তাদের। সেই নেশাই তাদের ঠেলে দিল অপরাধের দিকে। পুলিশের জালে ধরা পড়ল ওই দুই নাবালক পড়ুয়া। ঘটনাটি ঘটেছে বারুইপুর থানার টংতলায়। জানা গিয়েছে, স্পোর্টস বাইকের শখ পূরণ করতে শেষমেশ এক যুবকের বাইক চুরির অভিযোগ উঠল ওই পড়ুয়াদের বিরুদ্ধে। তাঁর বাইক চুরি যাওয়ায় থানায় অভিযোগ জানিয়েছিলেন ওই বাইক মালিক। তার ভিত্তিতে শনিবার দুই বন্ধুকে গ্রেপ্তার করল বারুইপুর থানার পুলিশ।

    জানা গিয়েছে, গত ১৯ এপ্রিল সন্ধ্যায় নরেন্দ্রপুর থানার বনহুগলির বাসিন্দা সুরেশ কয়াল টংতলায় নিজের নতুন বাইক নিয়ে ভিডিয়ো করছিলেন। রিলস বানিয়ে সোশ্যাল মিডিয়ায় আপলোড করাই ছিল তাঁর লক্ষ্য। সেই সময় ওই জায়গায় উপস্থিত ছিল এই দুই ছাত্র। তারা ওই বাইকের উপর নজর রেখেছিল। এরপর ইতস্ততভাবে বাইক মালিকের কাছে গিয়ে সেটি দেখার আব্দার করে দুই বন্ধু। কিছুক্ষণের মধ্যেই সুরেশবাবুর সঙ্গে বন্ধুত্ব পাতিয়ে ফেলে তারা। এরপর বাইকটি একবার চালিয়ে দেখার আরজি জানায়। সরল মনে রাজি হয়ে যান বাইক মালিক। এরপর বাইকটি চালানোর নাম করে তারা সেখান থেকে চম্পট দেয়। দুই নাবালকের কীর্তি দেখে থ হয়ে যান সুরেশবাবু। এমনটা হবে কল্পনা করতে পারেননি তিনি। এরপরই তিনি বারুইপুর থানায় গিয়ে লিখিত অভিযোগ দায়ের করেন।

    তদন্তে নেমে পুলিশ অভিযোগকারীর সেদিনের তৈরি একটি রিলসে ওই দুই ছাত্রের ছবি পায়। এরপর শুরু হয় দু’জনের খোঁজ। বিভিন্ন থানায় পাঠানো হয় তাদের ছবি। শেষমেশ সূত্র মারফত পুলিশ দুই পড়ুয়ার খোঁজ পায় সোনারপুরে। সেখানে হানা দিয়ে পুলিশ চৌহাটি থেকে তাদের পাকড়াও করে। উদ্ধার হয়েছে আড়াই লক্ষ টাকা দামের বাইকটি। ওই দুই নাবালকের বিষয়ে খোঁজ করতে গিয়ে তদন্তকারীরা জানতে পারেন, অভিযুক্তরা একজন দ্বাদশ শ্রেণির ও অন্যজন অষ্টম শ্রেণির ছাত্র। দু’জনেই একটি নামকরা স্কুলে পড়াশোনা করে। একজনের বাবা পুরোহিত ও অন্যজনের বাবা পেশায় ইঞ্জিনিয়ার। বাইকের প্রতি তাদের আগ্রহ অনেকদিনের। তার সঙ্গে চেপে বসেছিল গতির নেশা। কিন্তু হঠাৎ কেন অন্য একজনের বাইক নিয়ে তারা চম্পট দিল, সেটাই তাদের জিজ্ঞাসাবাদ করে জানার চেষ্টা করছে পুলিশ। নাবালক হওয়ায় ধৃতদের জুভেনাইল কোর্টে তোলা হবে। তবে এই কাণ্ডে এই দুই নাবালকের পিছনে অন্য কেউ আছে কি না, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।
  • Link to this news (বর্তমান)