বাবাকে খুন করে মাটিতে পুঁতে দিল ছেলে, অভিযুক্ত পলাতক
বর্তমান | ২৫ মে ২০২৬
সংবাদদাতা, বারুইপুর: বাবার খুন করার অভিযোগ উঠল সৎ ছেলের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে মন্দিরবাজার থানা এলাকায়। মৃত ব্যক্তির নাম ইরান লস্কর (৫০)। লস্কর পরিবার ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ইরান লস্করের দুই পক্ষের পরিবার ছিল। প্রথম পক্ষের দুই মেয়ে ও এক ছেলে এবং দ্বিতীয় পক্ষের এক ছেলে শাহিদ লস্কর। পরিবারের দাবি, বেশ কিছুদিন বাইরে থাকার পর প্রায় মাসখানেক আগে শাহিদ লক্ষ্মীকান্তপুরের নলপুকুর এলাকায় থাকতে শুরু করেন। বাবাকে নতুন ঘর তৈরি করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে নিজের কাছেই নিয়ে আসেন তিনি।
মৃতের মেয়ে মনোয়ারা লস্করের অভিযোগ, কয়েকদিন আগে শাহিদ ফোন করে তাঁর ভাইকে জানায়, বাবার নামে পুরনো একটি ‘ওয়্যারলেস কেস’ থাকায় পুলিশ তাঁকে ধরে নিয়ে গিয়েছে। সেই খবর পেয়ে পরিবারের সদস্যরা নলপুকুরে পৌঁছে দেখেন, বাড়ি ফাঁকা এবং শাহিদ পলাতক। সন্দেহ হওয়ায় গত ২৩ এপ্রিল মন্দিরবাজার থানায় নিখোঁজের অভিযোগ দায়ের করা হয়। এরপর রবিবার সকালে শাহিদের ঘরের পাশেই একটি গর্ত খোঁড়া অবস্থায় দেখতে পান স্থানীয়রা। সেখানেই পড়ে ছিল ইরানের পরনের লুঙ্গি। এরপর মাটি খুঁড়তেই মৃতদেহ উদ্ধার হয়। দ্রুত তাঁকে নাইয়ারাট হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন।
মৃতের মেয়ে মনোয়ারা লস্কর বলেন, সৎ ভাই শাহিদ পরিকল্পিতভাবে বাবাকে খুন করে মাটিতে পুঁতে রেখেছিল। ওর কঠোরতম শাস্তি চাই। এদিকে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় মন্দিরবাজার থানার পুলিশ। দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
এদিকে, ঘটনার পর থেকেই অভিযুক্ত শাহিদ মোবাইল বন্ধ করে পলাতক বলে অভিযোগ। পুলিশের প্রাথমিক অনুমান, সম্পত্তি সংক্রান্ত কোনও বিবাদের জেরেই এই ঘটনা ঘটতে পারে। পরিবারের পক্ষ থেকে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। সেই অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্ত শুরু করেছে।