• বাড়ি থেকে ২০০ মিটার দূরে মিলল দেহ, কাশ্মীরে নাবালিকাকে ধর্ষণ করে হত্যার অভিযোগ
    এই সময় | ২৫ মে ২০২৬
  • জম্মু ও কাশ্মীরের বাদগাম জেলায় ১২ বছরের এক কিশোরীকে ধর্ষণ করে হত্যার অভিযোগ। ওই কিশোরীর মৃতদেহ উদ্ধার হয় তার বাড়ি থেকে ২০০ মিটার দূরে। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় বিক্ষোভ ছড়িাচ্ছে। অপরাধীদের খুঁজে বের করে বিচারের দাবিতে সোচ্চার হয়ে উঠেছেন স্থানীয় বাসিন্দারা। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

    সূত্রের খবর, শনিবার সন্ধ্যায় গালওয়ানপোরা গ্রামে ওই কিশোরী নিখোঁজ হয়। রবিবার সকালে নিকটবর্তী একটি খেত থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। পুলিশের এসএসপি (SSP) হরপ্রসাদ কে.কে. সংবাদমাধ্যমে বলেন, ‘সকাল ৭টা ১৫ মিনিটে মেয়েটির বাড়ি থেকে প্রায় ২০০ মিটার দূরের একটি স্থান থেকে মরদেহটি উদ্ধার করা হয়। ময়নাতদন্ত-সহ যাবতীয় আইনি প্রক্রিয়া করা হয়েছে। প্রাথমিক ভাবে এটি ধর্ষণ ও হত্যার ঘটনা বলেই মনে করা হচ্ছে।’

    পুলিশ জানিয়েছে, এই ঘটনার তদন্তের জন্য একটি বিশেষ তদন্তকারী দল (SIT) গঠন করা হয়েছে। পুলিশের ওই কর্তা জানান, ঘটনার পারিপার্শ্বিক পরিস্থিতি ও নেপথ্যের কারণ উদ্ঘাটনে এসআইটি সম্ভাব্য সব দিক খতিয়ে দেখছে। পুলিশ আশ্বাস দিয়েছে, নিরপেক্ষ, স্বচ্ছ এবং পেশাদারিত্বের সঙ্গে তদন্ত হবে।

    শিক্ষামন্ত্রী সাকিনা ইয়াতু-সহ ‘ন্যাশনাল কনফারেন্স’-এর বেশ কয়েকজন নেতা শোকস্তব্ধ পরিবারের সঙ্গে দেখা করেন এবং তাদের দ্রুত ন্যায়বিচার প্রাপ্তির আশ্বাস দেন। স্থানীয় এক বাসিন্দা বলেন, ‘বিকেল ৪টা নাগাদ সে বাড়ি থেকে বেরিয়েছিল। চারপাশ জুড়ে এত বাড়িঘর থাকা সত্ত্বেও সে কীভাবে নিখোঁজ হয়ে গেল, তা আমরা কিছুতেই বুঝে উঠতে পারছি না।’ তিনি আরও বলেন, ‘হত্যাকারীকে অবিলম্বে গ্রেপ্তার করা উচিত। আমরা কেবল ওই কিশোরীর জন্য ন্যায়বিচার চাই।’

    ঘটনায় নিন্দাপ্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ। মুখ্যমন্ত্রী বলেন, ‘আমি এই নৃশংস ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি। তাঁর পরিবারের প্রতি আমার সমবেদনা জানাচ্ছি।’ পুলিশ এই ঘটনার দ্রুত তদন্ত করে দোষীকে চিহ্নিত করবে বলে আশ্বাস দিয়েছেন তিনি

  • Link to this news (এই সময়)