অবশেষে স্বস্তির খবর দিল আলিপুর আবহাওয়া দপ্তর। হাঁসফাঁস গরম থেকে মুক্তি পেতে চলেছে দক্ষিণবঙ্গ। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, বুধবার থেকে দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা প্রবল। সম্ভাবনা রয়েছে কালবৈশাখীরও। যার জেরে শনিবারের মধ্যে দক্ষিণবঙ্গের তাপমাত্রা দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে। তবে এই স্বস্তির বৃষ্টি নামার আগে, সোম ও মঙ্গলবার দক্ষিণবঙ্গের মানুষকে তীব্র গরমে নাজেহাল হতে হবে।
সোমবার সকাল থেকে কলকাতার আকাশে চড়া রোদ। তবে ঝোড়ো হাওয়ার দাপটে মিলছে সাময়িক স্বস্তি। আবহাওয়া দপ্তর জানিয়েছে, সোম ও মঙ্গলবার শহরে বজায় থাকবে গরমের দাপট। তবে বুধবার থেকে পরিবর্তন হতে পারে আবহাওয়ার। আজ, সোমবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ৩০.০ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ৩.১ ডিগ্রি সেলসিয়াস বেশি। সর্বোচ্চ তাপমাত্রা ৩৫.৪ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিক মাত্রাতেই রয়েছে।
দক্ষিণবঙ্গে কেমন থাকবে আবহাওয়া?
আরও দু’দিন গরমে হাঁসফাঁস অবস্থা হবে দক্ষিণবঙ্গের বাসিন্দাদের। বিশেষ করে পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পশ্চিম বর্ধমান ও বীরভূমে গরমের বিশেষ সতর্কতা দেওয়া হয়েছে। মঙ্গলবার বিকেলের পর থেকে দক্ষিণবঙ্গে কয়েকটি জেলায় বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বুধবার থেকে দক্ষিণবঙ্গে বাড়তে পারে ঝড়বৃষ্টির পরিমাণ। নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম, পূর্ব ও পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির সম্ভাবনা বেশি।
বুধবার পর্যন্ত বিক্ষিপ্ত ভাবে ভারী বৃষ্টি চলবে উত্তরবঙ্গে। বৃহস্পতিবার থেকে বৃষ্টির পরিমাণ কিছুটা কমতে পারে। তার পরে ফের উত্তরবঙ্গে বাড়তে পারে বৃষ্টির প্রবণতা। আজ, সোমবার আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। মালদা-সহ একাধিক জেলায় বৃষ্টির সম্ভাবনা বেশি।